নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুরসভা নির্বাচন এখনও অনেকটা দেরি। আনুষ্ঠানিক নির্বাচনি প্রস্তুতিও শুরু হয়নি। কিন্তু সংগঠনের ভিতরে ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর সেই আবহে বারাসতে বিজেপি যুব মোর্চার কর্মসূচি থেকে উঠে এল যুবদের ‘টিকিট’ দেওয়ার আরজি। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এটাই দলের সামনে প্রথম বড়ো নির্বাচন। তাই, পুরভোটকে ঘিরে কর্মীদের উৎসাহ তুঙ্গে। জানা গিয়েছে, সোমবার বারাসতের কলোনি মোড় লাগোয়া এলাকায় বিজেপি যুব মোর্চার নতুন কার্যালয়ের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়, অশোকনগরের বিধায়ক সুময় হীরা, প্রাক্তন বারাসতের জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ সহ জেলার একাধিক নেতা। আর সেই মঞ্চ থেকে বারাসত সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন আবেদন জানান, আসন্ন পুরসভা নির্বাচনে বারাসত সাংগঠনিক জেলার প্রতি পুরসভায় অন্তত দু’জন করে যুব মোর্চার কর্মীকে প্রার্থী করার বিষয়টি নেতৃত্বের বিবেচনা করা উচিত। শুভঙ্করের যুক্তি, বুথভিত্তিক কর্মসূচি থেকে শুরু করে আন্দোলন বা সামাজিক উদ্যোগ সব ক্ষেত্রে দলের যুব কর্মীরা প্রথম সারিতে থাকে। সেই কারণে পুর প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তাঁদের অংশগ্রহণ বাড়ানোর আবেদন করেছি। এতে করে কর্মীদের দলের প্রতি দায়বদ্ধতা ও আগ্রহ বাড়বে। এখন দেখার, সেই আবেদন কতটা প্রতিফলিত হয় প্রার্থী তালিকায়। নিজস্ব চিত্র