• মুর্শিদাবাদ থেকে মালদহের পথে বিপর্যয়, নৌকায় গঙ্গা পারাপারের সময় বজ্রপাত, চারজন যাত্রীর মৃত্যু
    বর্তমান | ২৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: গঙ্গায় নৌকা পারাপারের সময় বজ্রপাতে চারজন প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন অন্তত ১০জন। মঙ্গলবার বিকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও মালদহের বৈষ্ণবনগর থানার সীমানাবর্তী এলাকার গঙ্গাবক্ষে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পারের ফেরিঘাটেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আসাতউল্লাহ শেখ(৪০), আনিসুর শেখ(৪৫), একরামুল শেখ(৪০) এবং কচি শেখ (২৫)। তাঁরা সকলেই মালদহ জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মালদহ জেলা সংলগ্ন নদীবক্ষে। জখমদের উদ্ধার করে সামশেরগঞ্জের অনুপনগর হাসপাতালে ভরতি করা হয়েছে। চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে আচমকাই আকাশে কালো মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় কালবৈশাখী ঝড় ও মুষলধারে বৃষ্টি। সেই সময় মুর্শিদাবাদের ধুলিয়ান ফেরিঘাট থেকে একদল যাত্রী নিয়ে নৌকাটি মালদহের পারলালপুর ঘাটের উদ্দেশে রওনা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাটি মাঝ গঙ্গা পেরিয়ে প্রায় মালদহ প্রান্তের ঘাটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই তীব্র শব্দে নৌকাটির উপর বাজ পড়ে। ঝলসে যান বেশ কয়েকজন যাত্রী। নদীর ঘাটে উপস্থিত স্থানীয় মৎস্যজীবীরা তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান। জখম ও অচেতন যাত্রীদের উদ্ধার করে দ্রুত নদী পার করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
  • Link to this news (বর্তমান)