বিজেপির তিন কর্মীর উপর সশস্ত্র হামলার অভিযোগ
বর্তমান | ২৪ জুন ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে বিজেপির তিন কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর কালীমন্দির সংলগ্ন শ্মশান এলাকায়। বিজেপির যে তিনজন কর্মী জখম হয়েছেন, তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় বাউড়িয়া থানায় ন’জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিযোগ, সোমবার রাতে দলের তিনজন কর্মী বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাঁরা রাস্তায় লুটিয়ে পড়লে বাসিন্দারা ছুটে আসেন। তাঁদের দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত, সাধারণ সম্পাদক উমাশংকর হালদার সহ অন্যান্যরা।
Link to this news (বর্তমান)