• চিকিৎসায় গাফিলতির জেরে শিশুমৃত্যুর অভিযোগ, হাবড়া হাসপাতালে উত্তেজনা
    বর্তমান | ২৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: চিকিৎসাধীন অবস্থায় ন’বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা দেখা দেয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। মৃতের নাম অনুরাগ মিস্ত্রি। পরিবারের দাবি, ভুল ইনজেকশন দেওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। হাবড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা অনুরাগ মিস্ত্রি ১৯ জুন জামাইষষ্ঠী উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে মছলন্দপুরের ঘোষপাড়ায় মামার বাড়িতে এসেছিল। সোমবার রাতে জ্বর, পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দিলে প্রথমে তাকে মছলন্দপুর দক্ষিণ চাতরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। রাত প্রায় ১২টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় অনুরাগকে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, পেটব্যথা ও বমির সমস্যার জন্য ভর্তি হওয়া শিশুকে একটি ইনজেকশন দেওয়ার পরই অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয়। এই অভিযোগ ঘিরেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়।মৃতের এক আত্মীয়ের অভিযোগ, শিশুটি বারবার বমি করলেও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক যথাযথভাবে দেখেননি। পরিবারের পক্ষ থেকে অন্যত্র রেফার করার আবেদন জানানো হলেও তা মানা হয়নি। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে দাবি, জ্বর, পেটব্যথা ও বমির উপসর্গ নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শুরু হওয়ার পর মঙ্গলবার সকালে আচমকা খিঁচুনি ও শ্বাসকষ্ট দেখা দেয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে মৃত্যুর প্রকৃত কারণ জানতে শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
  • Link to this news (বর্তমান)