নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিরিয়ানি দোকানের মালিককে খুনের অভিযোগে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল আদালত। তারা হল, মহম্মদ ফিরোজ, শাহাবাজ আনসারি। ভাটপাড়ায় ঘটনাটি ঘটে ২০১৮ সালে। ৩ জুন মণ্ডল বিরিয়ানির মালিক সঞ্জয় মণ্ডলকে বিরিয়ানির দাম চাওয়ায় খুন হতে হয়েছিল। সেদিন মহম্মদ ফিরোজ, শাহাবাজ আনসারিসহ পাঁচজন দোকানে বিরিয়ানি খায়। তাদের কাছে দোকানের মালিক সঞ্জয় মণ্ডল বিরিয়ানির দাম চান। কিন্তু অভিযুক্তরা দাম দিতে রাজি হয়নি। শুরু হয় তর্কাতর্কি। তখন অস্ত্র বের করে সঞ্জয়কে তাড়া করে গুলি করে খুন করা হয়। আটবছর ধরে মামলার সাক্ষ্যদান পর্ব চলার পরে মঙ্গলবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বারাকপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ বসন্তকুমার শর্মা।
মামলার সরকারি আইনজীবী সত্যব্রত দাস জানান, প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে তিনজন আট বছর কারাদণ্ডে থাকার জন্য এদিন খালাস হয়ে যান। মহম্মদ ফিরোজ এবং শাহাবাজ আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাহবাজ আনসারিকে অস্ত্র আইনে আরও আট বছর কারাদণ্ডে দণ্ডিত এবং আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।