• প্রতীকী মাছ ধরলেন রাজপুর-সোনারপুরের বাসিন্দারা,বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবি, অবরোধ-বিক্ষোভ গোপালনগরে
    বর্তমান | ২৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বনগাঁ: রাস্তা বেহাল। এর প্রতিবাদে সোচ্চার হলেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার বনগাঁর গোপালনগর থানার ন’হাটা বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আবার রাস্তা সংস্কারের দাবি তুলে প্রতিবাদে শামিল হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পাড়ার মানুষ। খানাখন্দে ভরা রাস্তা এখন বৃষ্টিতে টইটম্বুর। ওই জলে প্রতীকীভাবে মাছ ধরে বিক্ষোভ দেখান তাঁরা।

    বনগাঁর গোপালনগরের বাসিন্দাদের দাবি, চৌবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর-পালপাড়ায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। গত ১৫ বছরে এই বেহাল দশার উন্নতি হয়নি। বিধানসভা নির্বাচনের আগে পথশ্রী প্রকল্পে প্রায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ের বোর্ড লাগানো হলেও রাস্তা সারানো হয়নি বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, ‘রাস্তা চাই, বোর্ড নয়’। স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন, দীর্ঘদিন ধরেই এই রাস্তা খারাপ। গর্ত, খানাখন্দ আর কাদায় ভরা এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, অসুস্থ রোগীদের যাতায়াত করতে হয়। পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কার হওয়ার বোর্ড বসানো হলেও কোনো কাজ হয়নি। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাস্তা মেরামতির কাজ শুরু না হলে আগামী দিনে আরও বড়ো আন্দোলনে নামবেন তাঁরা। এ বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, তৃণমূল মানেই জালিয়াতি। নানা প্রলোভন দেখিয়ে ওরা মানুষকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করেছে। ওরা বোর্ড লাগিয়েছে, কিন্তু কাজ করেনি। নতুন সরকার রাস্তা তৈরি করে দেবে।

    এদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পাড়ার মানুষ রাস্তার জলে প্রতীকীভাবে মাছ ধরে ক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। কেন এতদিন রাস্তা সারাই হল না, প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। পুরসভা সূত্রে খবর, রাস্তা সংস্কারের টাকা আপাতত বন্ধ রেখেছে সরকার। তাই এখন এই কাজে হাত দেওয়া যাচ্ছে না। কিন্তু এই যুক্তিতে বরফ গলছে না। উলটে ক্ষোভে ফুঁসছে গোটা পাড়া।
  • Link to this news (বর্তমান)