নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিদেবপুরে ঘরছাড়া বৃদ্ধাকে নিরাপদে বাড়িতে প্রবেশ করিয়ে দেওয়ার নির্দেশ দিল আলিপুর আদালত। এই ব্যাপারে হরিদেবপুর থানার পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে আদালত। মঙ্গলবার আলিপুর আদালত এই নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুরের বাসিন্দা
ওই বৃদ্ধার ছেলে তাঁকে দেখাশোনা করে না এবং সু-কৌশলে বাড়ি ছেলে নিজের নামে লিখিয়ে নিয়েছে বলে অভিযোগ। এবং ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বার করে দেন।
এরপর এই বৃদ্ধা তাঁর মেয়ের কাছে থাকতে শুরু করেন। পরবর্তী সময় তিনি আলিপুর আদালতে ছেলে, বৌমা সহ তিনজনের বিরুদ্ধে পারিবারিক হিংসা প্রতিরোধক
আইনে মামলা দায়ের করেন। সেই মামলার সূত্রেই আদালত এদিন এই পদক্ষেপ নিয়েছে বলে জানান তাঁর আইনজীবী জয় নট্ট। যদিও, এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা।