• মুখ্যমন্ত্রীর সঙ্গে তমন্নার মায়ের সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার দুই
    এই সময় | ২৪ জুন ২০২৬
  • মুখ্যমন্ত্রীর আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই কালীগঞ্জের তমন্না খাতুনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই। তমন্নার মৃত্যুর ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো ১৩। মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তমন্নার মা সাবিনা ইয়াসমিন। মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, প্রত্যেকের গ্রেপ্তারের দাবি তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন সাবিনা। মঙ্গলবার রাতেই মুর্শিদাবাদের রেজিনগর ও নদিয়ার পলাশিপাড়া এলাকা থেকে জিয়ারুল সেখ ও সাবির শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানার পুলিশ।

    ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমার আঘাতে মৃত্যু হয় ছ’বছরের তমন্নার। অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাটি ছোড়া হয়েছিল। এ নিয়ে তোলপাড় হয় রাজ্য। ঘটনার পরে তদন্ত নেমে পুলিশ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছিল। তবে বাকিদের গ্রেপ্তারের দাবি নিয়ে বার বার পুলিশের কাছে যান তমন্নার মা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মেয়েকে বিচার দিতে পারেননি বলে সাবিনা অভিযোগও করেছেন একাধিক বার।

    রাজ্যে পালাবদলের পরে অবশ্য তিনি ভরসা রেখেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে। সেই ভরসা থেকেই মঙ্গলবার বিধানসভা ভবনে যান সাবিনা। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমানও তমন্নার মায়ের সঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান। দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এর পরে বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবিনা বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে পুরোপুরি আশ্বস্ত করলেন। ভরসা পেয়েছি।’

    মঙ্গলবার রাতেই তমন্নার মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সোমবার কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অতুল ভি-র কাছে তমন্নার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে স্মারকলিপি দেয় বাম সংগঠন। পুলিশ সুপার আশ্বাসও দেন, ১০ থেকে ২০ দিনের মধ্যে বাকিদের গ্রেপ্তার করা হবে।

  • Link to this news (এই সময়)