• রক্ষাকবচ চেয়ে নেতাদের লাইন পড়ছে আদালতে, এ বার মানস ভুঁইয়া
    এই সময় | ২৪ জুন ২০২৬
  • এ বার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মানস ভুঁইয়া। রক্ষাকবচ চেয়ে বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে মানসের বিরুদ্ধে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সবং থানায় অভিযোগ দায়ের হয়। এর পর থেকেই মানস কোথায় আছেন, বলতে পারছিলেন না কেউই। এর পরে বুধবার আদালতের দ্বারস্থ হন তিনি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেনদের মতো নেতারাও গিয়েছেন আদালতে।

    সবংয়ের সাত বারের বিধায়ক মানস ভুঁইয়া। কংগ্রেসের আমলে তো বটেই, তৃণমূলে যোগ দেওয়ার পরেও বেশ দাপটেই ছিলেন তিনি। কিন্তু রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের অন্য সব শীর্ষ নেতাদের মতোই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন মানস।

    গত ১৩ জুন তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। পদত্যাগপত্র পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দলের প্রাথমিক সদস্যপদও ছাড়েন তিনি।

    সবংয়ের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার নামে অভিযোগ, ৫ লক্ষ টাকার বিনিময়ে সবংয়ের তেমাথানি ইরিগেশন বাংলোয় তত্ত্বাবধায়কের চাকরি দিয়েছিলেন এক মহিলাকে। রাজ্যে তৃণমূল ক্ষমতা থেকে সরতেই চাকরি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ওই মহিলাকে। ঘটনায় বিপাকে পড়েছেন সবংয়ের বিষ্ণুপুর গ্রামের ওই পরিবার। টাকার বিনিময়ে চাকরি পাওয়ার দু'মাসের মধ্যেই কেন তাঁকে সরিয়ে দেওয়া হল, বুঝতে পারছেন না ওই মহিলা। বিচার চেয়ে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী বিকাশকুমার টুং।

  • Link to this news (এই সময়)