• জাল তুলতে গিয়ে সমুদ্রে চোখের সামনে নিখোঁজ মৎস্যজীবী, উদ্ধারে হেলিকপ্টার ব্যবহারের ভাবনা
    News18 বাংলা | ২৪ জুন ২০২৬
  • আবারও ট্রলার থেকে পড়ে উত্তাল সমুদ্রে নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর খোঁজে চলছে তল্লাশি। কোস্ট গার্ড ও অন্যান্য মৎস্যজীবীরা তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন। ওই মৎস্যজীবীর নাম রতন দাস। সুন্দরবনের কলস দ্বীপের আরও ৭০ কিমি দক্ষিণে এই ঘটনা ঘটেছে। মৎস্যজীবীর খোঁজে অত্যাধুনিক ব্যবস্থার সাহায্যে খোঁজ চালাচ্ছে কোস্ট গার্ড।

    প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে। জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবী রতন দাসের বাড়ি কাকদ্বীপের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। ১৯ জুন নামখানার খেয়াঘাট থেকে এফবি জয় মা দুর্গা নামে একটি ট্রলারে করে ১৬ জন মৎস্যজীবীর সঙ্গে মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। তবে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎই রতন ট্রলার থেকে সমুদ্রে পড়ে যান।

    তখন ট্রলারের মৎস্যজীবীরা তল্লাশি শুরু করলেও তাঁর কোনও খোঁজ মেলেনি। পরে ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর অফিসে বিষয়টি জানানো হয়। বর্তমানে উপকূল রক্ষী বাহিনী ও বেশ কয়েকটি ট্রলার ওই নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে সমুদ্রে তল্লাশি শুরু করেছে। এই ঘটনা নিয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, মাছ ধরার সময় ট্রলার থেকে একজন মৎস্যজীবী সমুদ্রে পড়ে গিয়েছিলেন।
  • Link to this news (News18 বাংলা)