• টিউশন পড়তে যাওয়ার পথেই শেষ সব, লরির ধাক্কায় প্রাণ হারাল দ্বাদশ শ্রেণীর ছাত্র
    News18 বাংলা | ২৪ জুন ২০২৬
  • বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণীর ছাত্রের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক দ্বাদশ শ্রেণীর ছাত্র। এই ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজিপোতা এলাকার বাসিন্দা রিয়াজ নামে ওই ছাত্র এদিন টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে চাঁপাপুকুরের দিকে রওনা হয়েছিল। রাজাপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ভারী লরির সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতেও ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় ওই ছাত্র। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে, সেখানে চিকিৎসকরা রিয়াজকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে। তবে, দুর্ঘটনার পর থেকেই লরির চালক পলাতক বলে জানা গিয়েছে। এই অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

    এলাকাবাসীর অভিযোগ , ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতাগামী চাঁপাপুকুরের এই সড়কটি অত্যন্ত সংকীর্ণ। দীর্ঘদিন ধরেই রাস্তার প্রশস্তকরণের দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি। স্থানীয়দের দাবি, রাস্তার এই সংকীর্ণ অবস্থার কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এদিনের মর্মান্তিক ঘটনাও সেই সমস্যাকেই আরও একবার সামনে নিয়ে এল।
  • Link to this news (News18 বাংলা)