• সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রাঘাত, মুর্শিদাবাদে প্রাণ হারালেন বিএসএফ জওয়ানের, ২৪ ঘণ্টায় মৃত ৫
    News18 বাংলা | ২৪ জুন ২০২৬
  • : ফের বজ্রপাত মুর্শিদাবাদে। জঙ্গিপুর মহকুমার বাবুরা ঘাট বিএসএফ বিওপিতে কর্তব্যরত অবস্থায় বজ্রাঘাতে মৃত্যু হল ৭১ ব্যাটেলিয়ান বিএসএফ-এর এক জওয়ানের। মৃত জওয়ানের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি উত্তরপ্রদেশের কানৌজ জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় বজ্রাঘাতে মৃতের সংখ্যা হল পাঁচ। আহত এখনও পর্যন্ত ১৭ জন।

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাবুরা ঘাট বিওপির অন্তর্গত মিঠুপুর এলাকায় তিনি দায়িত্ব পালন করছিলেন। সেই সময় এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। কর্তব্যরত অবস্থাতেই বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে তাঁর দেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলে।

    বিএসএফ সূত্রের দাবি, প্রতিকূল আবহাওয়ার মধ্যেই দায়িত্ব পালন করার সময় বজ্রাঘাতের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বিএসএফ-এর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জওয়ান বিনীত কুমার দুবের মরদেহ তাঁর উত্তরপ্রদেশের কানৌজ জেলার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

    দেশের সুরক্ষায় কর্তব্য পালন করতে গিয়ে এই জওয়ানের অকাল মৃত্যুতে বিএসএফ মহল ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলাতে জঙ্গিপুর মহকুমাতে বজ্রাঘাতে মৃতের সংখ্যা হল ৫। সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গাঘাট থেকে মালদার পারলালপুর ঘাটের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী নৌকায় বজ্রপাত হয়। মৃত্যু হয় ৪ জনের। আহত হন প্রায় ১৭ জন যাত্রী। আহতদের বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও আজকে মোট বজ্রপাতে মৃত পাঁচজনের দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। বজ্রাঘাতে একের পর মৃত্যু। শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়েই। এছাড়াও বিএসএফ জওয়ানের মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে বিএসএফ ব্যাটিলয়নের মধ্যে ।
  • Link to this news (News18 বাংলা)