আদালতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল আইনজীবীর। লোহার মোটা রড বুকে ঢুকে মৃত্যু বারাসত কোর্টের আইনজীবী উত্তম দস্তিদারের (৪৯)। বুধবার দুপুরে বারাসত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ সংলগ্ন পাঞ্জাবিখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ দিন শ্যামাপদ সেন, তাঁর ভাগ্নে উত্তম দস্তিদার ও আরও এক ব্যক্তি ব্যারাকপুর থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন। তিন জনই আইনজীবী। প্রতিদিন চার চাকার একটি গাড়িতে যাতায়াত করলেও এ দিন গাড়ির সমস্যা থাকায় অটোয় আদালতের উদ্দেশে রওনা দেন।
স্থানীয় সূত্রে খবর, নীলগঞ্জের পাঞ্জাবিখোলা এলাকায় রাস্তার ধারে একটি ইঞ্জিন ভ্যানে তখন আয়রন বার তোলা হচ্ছিল। সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি রড বোঝাই ভ্যানে ধাক্কা মেরে একটি গাছে আটকে পড়ে। দুর্ঘটনার জেরে একটি লোহার রড অটোর মধ্যে কাচ ভেঙে উত্তম দস্তিদারের বুকে ঢুকে যায়।
এমন ভয়াবহ দৃশ্য দেখে ছুটে আসেন এলাকার লোকেরা। প্রাথমিক ভাবে একটি দোকান থেকে যন্ত্র এনে আয়রন বার কাটার চেষ্টা করা হয়। এর পরেই উত্তমকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তার আগেই তাঁর মৃত্যু হয়।
উত্তমের সঙ্গে থাকা দুই আইনজীবীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। উত্তম চালকের পাশে বসেছিলেন। তাতেই এই মর্মান্তিক পরিণতি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে বারাসত থানার পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।