আজকাল ওয়েবডেস্ক: চোখের মুহূর্তে, নিমেষে ভেঙে পড়ে নির্মীয়মান তিনতলা ভবন। ভেঙে পড়ে লোহার বিম। আটকে পড়েন বহু মানুষ। মুহূর্তে গোটা এলাকায় আতঙ্ক, হাহাকার চিৎকার। প্রায় তিনঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় তারাতলায় চলছে উদ্ধার কার্য। একে একে আহত, আটকে পরা মানুষদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে।
দুপুর ১২টার কয়েক মিনিট পর ঘটে এই ভয়াবহ ঘটনা। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, অন্তত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার পরেই সেখানে হাজির হয়েছেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাজির দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, চিকিৎসকদের টিম। প্রশ্ন উঠছে, বিরাট নির্মাণকার্যের নিয়মাবলী নিয়েও। স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন, এই ঘটনায় গফিলতি রয়েছে নির্দিষ্ট সংস্থার। সম্পূর্ণ বেআইনি ভাবে এই নির্মাণকাজ চলছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিং। উল্লেখ্য, এই রাকেশ ওই এলাকায় এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন।