মেক্সিকো সিটি ও বোস্টন: বিশ্বকাপের গ্রুপ ‘কে’ থেকে নকআউটে পৌঁছে গেল কলম্বিয়া। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কঙ্গোকে ১-০ গোলে হারালো লাতিন আমেরিকার দেশটি। ৭৬ মিনিটে একমাত্র গোলটি করেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। গোটা ম্যাচ আধিপত্য নিয়ে খেললেন কলম্বিয়ানরা। তাদের পক্ষে বল পজেশন ছিল ৬৬ শতাংশ। আর কঙ্গো যেখানে গোটা ম্যাচে ২৮১ টা পাস খেলেছে সেখানে কলম্বিয়ার পাশের সংখ্যা ৫০৬। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেল ড্যানিয়েল মুনোজরা। গ্রুপের শেষ রাউন্ডে কলম্বিয়া খেলবে পর্তুগালের বিরুদ্ধে। আর কঙ্গোর মুখোমুখি হবে উজবেকিস্তান।
এদিন মধ্যরাতের ‘এল’ গ্রুপের ম্যাচে ঘানার বিরুদ্ধে গোলশূণ্য ড্র করল ইংল্যান্ড। ‘এল’ গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ১-০ গোলে হারালো পানামাকে। ৫৪ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোল করেন আন্তে বুদিমির। ইংল্যান্ড ঘানা ম্যাচ ড্র হওয়ায় জমে গেল ‘এল’ গ্রুপের খেলা। এই গ্রুপে শেষ রাউন্ডে ইংল্যান্ড খেলবে পানামার বিরুদ্ধে এবং ঘানা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। ইংল্যান্ড এবং ঘানা দুজনেই চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক এবং দু'নম্বরে রয়েছে। ক্রোয়েশিয়ার পয়েন্ট সংখ্যা ৩। ফলে পরের রাউন্ডে যেতে হলে ক্রোয়েশিয়াকে জিততেই হবে ঘানার বিরুদ্ধে।