মহরমে কড়া নজরদারি লালবাজারের, জারি একাধিক নির্দেশিকা
দৈনিক স্টেটসম্যান | ২৪ জুন ২০২৬
আগামী ২৬ জুন রাজ্যজুড়ে পালিত হবে মহরম। মহরমের দিন কলকাতায় শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার। উৎসবের কারণে যাতে কোথাও কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য কলকাতার সমস্ত থানাকে আগাম সতর্ক করা হয়েছে। কলকাতা পুলিশের সদর দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোথাও নতুন করে মহরমের কোনও শোভাযাত্রা বের করার অনুমতি দেওয়া হবে না। বহু বছর ধরে যে সমস্ত শোভাযাত্রাগুলি চলে আসছে অর্থাৎ অনুমোদিত এবং ঐতিহ্যবাহী মিছিলগুলিই কেবল নিয়ম মেনে অনুমতি পাবে।
পুলিশ সূত্রে খবর, মহরমের আগে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে লালবাজারের পদস্থ কর্তাদের সঙ্গে বিভিন্ন থানার বৈঠক হয়েছে। ওই বৈঠকে ডিসি পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই শহরের নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। তারপরই বিভিন্ন নির্দেশিকার কথা জানানো হয়।
লালবাজারের তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও শোভাযাত্রায় অস্ত্র বা অস্ত্রের মতো জিনিস প্রদর্শন করা যাবে না। তাজিয়া নির্মাণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। অতিরিক্ত উঁচু তাজিয়া তৈরি না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ অতিরিক্ত উঁচু তাজিয়া রাস্তার পাশে থাকা বিদ্যুতের তার, কেবল লাইনের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে। বিশেষ করে বিদ্যুতের তারে তাজিয়া ছুঁয়ে গেলে বড়সড় অঘটন ঘটার আশঙ্কা থাকে। পাশাপাশি শব্দদূষণ রোধেও কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, মহরমের মিছিলে কোনওভাবেই ডিজে ব্যবহার করা যাবে না। তবে মাইকের ব্যবহারে সমস্যা নেই। অবশ্য মাইক বাজাতে হবে উচ্চ আদালতের নির্ধারিত শব্দসীমার মধ্যে। একই সঙ্গে শোভাযাত্রা চলাকালীন কোনও ধরনের বিভ্রান্তিকর, উস্কানিমূলক বার্তা প্রচার না করার নির্দেশও দেওয়া হয়েছে।
লালবাজারের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, মহরমের শোভাযাত্রার আয়োজকদের সঙ্গে স্থানীয় থানার আধিকারিকরা আগাম বৈঠক করবেন। সেখানেই শোভাযাত্রার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে মিছিলের রুট, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সমন্বয় গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী শুক্রবার মহরমের দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যে সব রাস্তা দিয়ে শোভাযাত্রা যাবে, সেখানে থাকবে বাড়তি নজরদারি। রাস্তার দুই ধারে সতর্ক নজরদারি থাকবে পুলিশের। পুলিশ প্রশাসনের দাবি, উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করা যায় এবং কলকাতা শহরের সম্প্রীতির পরিবেশ অটুট থাকে, তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।