• বারাণসীতে গঙ্গাবক্ষে মদ-মাংসের মোচ্ছব! তুঙ্গে বিতর্ক, ৫ জনকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ
    প্রতিদিন | ২৪ জুন ২০২৬
  • বারাণসীতে (Varanasi) গঙ্গাবক্ষে নৌকার উপর মদ-মাংসের আসর বসানোর অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার হলেন পাঁচ যুবক। বিষয়টি প্রকাশ্যে আসতেই তুঙ্গে বিতর্ক। বাজেয়াপ্ত করা হয়েছে নৌকাটিকেও।

    পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দশাশ্বমেধ ঘাটের কাছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, রাতের বেলায় মাঝগঙ্গায় কয়েকজন যুবক বসে রয়েছেন। নৌকার উপরেই রান্না হচ্ছে মাংস। তার সঙ্গে দেদার মদ্যপান। ভিডিওটি ভাইরাল হতেই বিতর্ক চরমে ওঠে। তড়িঘড়ি ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় পাঁচ অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন দীপক কুমার, অজয় ​​সাহানি, অরুণ কুমার সাহানি, অনুরাগ নিষাদ এবং রাহুল সাহানি। তাঁরা প্রত্যেকেই বারাণসীর (Varanasi) রামনগরের বাসিন্দা। বর্তমানে বারাণসীর কিছু এলাকায় মাছ-মাংস বিক্রির উপর বিধিনিষেধ আরোপের কথা চলছে। তার মধ্যেই এই অভিযোগ উঠল।

    এ প্রসঙ্গে দশাশ্বমেধের এসিপি অতুল অঞ্জন ত্রিপাঠী বলেন, “ভিডিওটি নজরে আসার পরই দ্রুত পদক্ষেপ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁদের পরনে রয়েছে শীতের পোশাক। মনে করা হচ্ছে, এটি একটি পুরনো ভিডিও। ইতিমধ্যেই নৌকাটি গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ সূত্রে খবর, তাদের বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)