দিনে এত মানুষ বিনা টিকিটে! শুধু খড়গপুর ডিভিশনে রেলের জরিমানা আদায়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
News18 বাংলা | ২৪ জুন ২০২৬
: ঠিক যেন অ্যাকশন মুডে রেল। টিকিট না কেটে যাত্রা করলে আর রেহাই নেই। সামান্য দূরত্ব কিংবা দূরপাল্লার ট্রেনে উঠে বিপদে পড়তে পারেন আপনিও। ঠিক যেন নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে স্টেশন চত্বর কিংবা রেল। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের থেকে এবার একদিনেই ২ লক্ষ ৭৮ হাজার টাকা জরিমানা করল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে রেলভ্রমণ বিধি সুনিশ্চিত করতে এবং রাজস্ব আদায়ে বিশেষ উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। বুধবার ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন এবং দূরপাল্লার ও লোকাল ট্রেনে চালান হল এক টিকিট চেকিং অভিযান। এদিন সকাল থেকেই খড়গপুর, বালেশ্বর, আন্দুল, সাঁতরাগাছি এবং মেচেদার মতো ব্যস্ত স্টেশনগুলিতে টিকিট পরীক্ষকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
রেল সূত্রে খবর, এদিন অভিযান চালান হয়েছে ১২৭০৩, ১২০৭৪, ১২৭০৪, ১৮০৪৫, ১৮০৪৬, ১২৮২১, ৬৮০২১, ৩৮৮০৬, ৩৮৭১৪, ৬৮১১৩ এবং ৩৮০৫১ নম্বর ট্রেনগুলিতে। টিকিটহীন ভ্রমণ, ভুয়ো টিকিট নিয়ে যাত্রা এবং নিয়ম না মেনে পণ্য বা লাগেজ বহনের মতো বিষয়গুলি খতিয়ে দেখাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। রেলের নিয়ম মেনে যাত্রীরা ভ্রমণ করছেন কি না, তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানহয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
অভিযান চলাকালীন মোট ৩৭৪টি টিকিটহীন বা অনিয়মিত ভ্রমণের ঘটনা ধরা পড়েছে। নিয়ম ভেঙে যাত্রা করায় অভিযুক্ত যাত্রীদের কাছ থেকে সব মিলিয়ে ২ লক্ষ ৭৮ হাজার ৪৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রেলের তরফে জানান হয়েছে, রেলওয়ে আইনের অধীনে জরিমানার ন্যূনতম অঙ্ক ৫০০ টাকা করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্যই হল রেলের রাজস্ব রক্ষা এবং যাত্রীদের মধ্যে আইন মেনে যাতায়াতের সচেতনতা বৃদ্ধি করা।
রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের উদ্দেশ্যে সাফ জানান হয়েছে, স্টেশনে এসে টিকিট না কেটে ট্রেনে ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া বৈধ টিকিট ছাড়া বা বিনা টিকিটে ভ্রমণ করলে যাত্রীদের অসুবিধায় পড়তে হতে পারে এবং গুণতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। তাই যাত্রার আগেই বৈধ টিকিট কাটা এবং লাগেজ থাকলে তা নিয়ম মেনে বুকিং করার পরামর্শ দিয়েছেন রেল আধিকারিকরা। খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী দিনেও রেল পরিষেবায় শৃঙ্খলা বজায় রাখতে এবং বিনা টিকিটে ভ্রমণ রুখতে এই ধরণের বিশেষ অভিযান নিয়মিত চালান হবে। রেলের এই কড়া অবস্থানের ফলে বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা অনেকটাই কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।