বাইরের রাজ্যের পরিচয়পত্র ব্যবহার করে বেআইনিভাবে আধার কার্ড তৈরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জের পূর্ব দেবীদাসপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদ জেলায় ভুয়ো আধারকার্ডের বিরুদ্ধে আগেই অভিযান শুরু করে পুলিশ।
রাজ্যে সরকারের নির্দেশে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সামিম আক্তার (৩০)। দীর্ঘদিন ধরেই ধৃত যুবক ভিন রাজ্যের বিভিন্ন ভুয়ো নথি ব্যবহার করে অবৈধভাবে আধার কার্ড তৈরির কারবার চালাচ্ছিলেন। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য হাতে আসার পরেই তদন্তে নামেন সামশেরগঞ্জ থানার আধিকারিকরা। এরপর মঙ্গলবার রাতে পূর্ব দেবীদাসপুরে বিশেষ অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
অভিযান চলাকালীন ধৃতের বাড়ি থেকে একটি ল্যাপটপ, একাধিক সন্দেহভাজন পরিচয়পত্র, নথিপত্র এবং আধার কার্ড তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতের সঙ্গে কোনও বড়সড় জাল নথি তৈরির আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সামগ্রীগুলি থেকেও সূত্র খোঁজার চেষ্টা চলছে। বুধবার ধৃত সামিম আক্তারকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই চক্রের মূল শিকড়ে পৌঁছতে এবং বাকি সদস্যদের হদিশ পেতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়ে। কিভাবে এই জাল আধারকার্ড তৈরি করেছিল তাও তদন্ত করবে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও আরও অভিযান চলবে। ভুয়ো নথিপত্র নিয়ে বসবাস করলে তার বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।