ঝাড়গ্রামের শালবনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতালের মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার হোমস্টে মালিক। এলাকার নামী হোমস্টের মালিক মহেশ মেহেরাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যবসায়ী পালিয়ে বেড়াচ্ছিলেন। জানা গিয়েছে, অভিযুক্ত রাজস্থানের জয়পুরে গা-ঢাকা দিয়েছিলেন।
ঝাড়গ্রাম থানার পুলিশের একটি বিশেষ দল মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জয়পুরে হানা দেয়। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে এমন বর্বরচিত ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হওয়ায় পুলিশকে সাধুবাদ দিয়েছেন পরিবেশপ্রেমী মানুষজন। সকলেই তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মে শালবনি এলাকায় একটি হোমস্টের ফলের বাগানে দাঁতাল হাতির নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জঙ্গলমহল তো বটেই, সংলগ্ন বাঁকুড়া ও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বন দফতরের ময়নাতদন্তের রিপোর্টে সাফ জানানো হয়, শরীরে মারাত্মক হাইভোল্টেজ বিদ্যুৎ তরঙ্গের আঘাতেই হাতিটির মৃত্যু হয়েছে।
এরপরই জানা যায়, বন্যপ্রাণীদের হাত থেকে দামি ফলের বাগান বাঁচাতে চারপাশ জুড়ে বেআইনিভাবে বিদ্যুতের তার বিছিয়ে রেখেছিল হোমস্টে কর্তৃপক্ষ। আর সেই মরণফাঁদেই পা দিয়ে প্রাণ হারায় নিরীহ হাতিটি। এই নৃশংস কাণ্ডের পর স্থানীয় বাসিন্দা এবং পরিবেশপ্রেমীরা ক্ষোভ উগড়ে দেন। বন্যপ্রাণীদের চারণভূমিতে কীভাবে এভাবে খোলা বিদ্যুতের তার বিছানো হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পরপরই পুলিশ হোমস্টের এক কর্মীকে গ্রেফতার করে। আর এবার সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোমস্টের মালিককে।