• চলন্ত অটোয় আইনজীবীর বুকে লোহার রড গেঁথে এফোঁড়-ওফোঁড়, বারাসত ব্যারাকপুর মর্মান্তিক দুর্ঘটনা
    News18 বাংলা | ২৪ জুন ২০২৬
  • বারাসত-ব্যারাকপুর রোডে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আইনজীবী। বারাসাত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ সংলগ্ন পাঞ্জাবি খোলা এলাকায় বুধবার এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। তাতেই মৃত্যু হয়েছে বারাসত আদালতের আইনজীবী উত্তম দস্তিদারের (৪৯)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আদালত চত্বরে। জানা গিয়েছে, বারাসাত আদালতের সিনিয়ার আইনজীবী শ্যামাপদ সেন, তাঁর ভাগ্নে উত্তম এবং এক প্রতিবেশী-সহ মোট তিনজন ব্যারাকপুর থেকে বারাসত আদালতে আসছিলেন। প্রতিদিন গাড়িতে যাতায়াত করলেও এদিন গাড়ি না পাওয়ায় ইলেকট্রিক অটো ভাড়া করে আদালতের উদ্দেশে রওনা দেন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নীলগঞ্জের পাঞ্জাবি খোলা এলাকায় রাস্তার ধারে একটি ইঞ্জিন ভ্যানে তখন লোহার রড, আয়রনের বার তোলা হচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, অটোরড বোঝাই ভ্যানের দিকে ছিটকে গিয়ে ধাক্কা মারে এবং রাস্তার ধারের একটি গাছে গিয়ে আটকে পড়ে। দুর্ঘটনার জেরে একটি লোহার রড অটোর মধ্যে ঢুকে উত্তম দস্তিদারের বুকে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। মর্মান্তিক সেই দৃশ্য ঘটনার পরে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ভুলতে পারছেন না কেউ।

    আচমকা চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন সকলে, হাত লাগান উদ্ধারকাজে। একটি ওয়েল্ডিং মেশিনের দোকান থেকে যন্ত্র এনে রড কেটে কোনওরকমে তাঁদের উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উত্তমকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুই আইনজীবীকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বারাসত আদালতের আইনজীবী মহলে শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)