বুধবার (২৪ জুন, ২০২৬) তিরুবনন্তপুরম পুরসভার ২০ জন নির্বাচিত BJP কাউন্সিলারের শপথ বাতিল করল কেরালা হাইকোর্ট। তাঁদের চার সপ্তাহের মধ্যে ফের নতুন করে শপথ গ্রহণ করতে হবে। নির্বাচনী জয়ের পরে গত জানুয়ারি মাসে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেব-দেবী, দলের প্রয়াত সদস্য ও রাজনৈতিক নেতার নামে শপথ নিয়েছিলেন তাঁরা। আদালত এ দিন স্পষ্ট জানিয়েছে, ‘কেরালা পৌরসভা আইন, ১৯৯৪’ অনুযায়ী সেই সকল শপথ অবৈধ।
গত ২১ ডিসেম্বর তিরুবনন্তপুরম পুরসভার নির্বাচনে জয়ী হয়েছিলেন ২০ জন BJP কাউন্সিলার। তাঁদের কেউ ‘গুরুদেব’, কেউ ‘ভারতমাতা’, কেউ ‘মা কাভিলম্মা’, ‘পদ্মনাভ স্বামী’, ‘আইয়াপ্পা’ আবার কেউ কেউ দলের প্রয়াত কর্মী বা নেতাদের নামে শপথ নিয়েছিলেন। এই সকল শপথকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন তিরুবনন্তপুরম পুরসভার LDF কাউন্সিল পার্টির নেতা এস পি দীপক। এ দিন তাঁর আবেদন মঞ্জুর করেছে আদালত।
বিচারপতি পিভি কুনহিকৃষ্ণন স্পষ্ট জানান, কেরালা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট, ১৯৯৪ অনুযায়ী জনপ্রতিনিধিদের ঈশ্বর বা সংবিধানের নামে শপথ নিতে হয়। এই বিধিবদ্ধ ‘ঈশ্বর’ শব্দের বিকল্প হিসেবে কোনও নির্দিষ্ট দেবদেবী, রাজনৈতিক মতাদর্শ, সংগঠন বা কোনও ব্যক্তির নাম ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। এই প্রসঙ্গে আদালত সমাজসংস্কারক শ্রী নারায়ণ গুরুকেও উদ্ধৃত করে: ‘মানুষের একটাই জাতি, একটাই ধর্ম, একটাই ঈশ্বর।’
এস পি দীপক বেআইনি শপথগ্রহণের কারণে ওই কাউন্সিলারদের নির্বাচন বাতিল করারও আবেদন করেছিলেন। এই আবেদন অবশ্য মানেনি আদালত। বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণনের বেঞ্চ জানিয়েছে, শপথগ্রহণের প্রক্রিয়ায় আইন ভাঙা হলেও, তার জেরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়া গোটা নির্বাচনকে অবৈধ ঘোষণা করা যায় না। তাই কাউন্সিলারদের নির্বাচন বৈধই থাকছে। শুধু তাঁদের আরও একবার শপথ গ্রহণ করতে হবে।
অন্যদিকে, ভাদাক্কেনচেরি গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্য শপথ নিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চণ্ডীর নামে। তাঁর শপথও এ দিন বাতিল করেছে হাইকোর্ট। তাঁকেও নতুন করে শপথ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।