• শেষবার ভোট দিতে বাড়ি এসেছিলেন, লখনৌয়ের আগুনে মৃত সৌমাল্যর দেহ নামখানায় ফিরল
    এই সময় | ২৪ জুন ২০২৬
  • লখনৌয়ের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন সৌমাল্য বেরা (২৫)। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় বাড়ি তাঁর। উত্তরপ্রদেশের অলিগঞ্জের আবাসনের দোতলায় ‘হেড হপার স্টুডিওজ়’-এ কাজ করতেন সৌমাল্য, মঙ্গলবার যাঁর মৃত্যুর খবর জানতে পারে পরিবার। ২৪ ঘণ্টা পরে, বুধবার নামখানার বাড়িতে আনা হয়েছে সৌমাল্যর মৃতদেহ। তাঁকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। গত সোমবার, ২২ জুন আগুন লাগে ওই আবাসনে।

    মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সৌমাল্য বরাবরই মেধাবী। স্থানীয় নামখানা ইউনিয়ন হাইস্কুলে পড়াশোনা করেছেন। উচ্চমাধ্যমিক পাশ করেন ২০১৯ সালে। বছর চারেক আগে লখনৌয়ে কার্টুন ও অ্যানিমেশনের কাজ শুরু করেন। চাকরি নেন ‘হেড হপার স্টুডিওজ়’-এ। মাস খানেক আগে বিধানসভা ভোটের সময়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। তার পরে আবার ফিরে যান লখনৌয়ে।

    লখনৌয়ের অলিগঞ্জের আবাসনের দোতলায় ছিল ‘হেড হপার স্টুডিওজ়’। সেখানেই কাজ করতেন সৌমাল্য। গত সোমবার ওই বিল্ডিংয়েই আগুন লেগে যায়। নীচে একটি পেট শপ ছিল। দোতলায় স্টুডিও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রথমে গ্রাউন্ড ফ্লোরের পেট শপেই আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।

    টেলিভিশনে অগ্নিকাণ্ডের খবর দেখেই সৌমাল্যর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাঁর বাড়ির লোকজন। কিন্তু কোনও ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে লখনৌয়ের স্থানীয় থানা থেকে নামখানার বাড়িতে ফোন করে সৌমাল্যর মৃত্যুর খবর জানানো হয়। তাঁরা দুই ভাই। সৌমাল্য ছোট। দাদা সৌম্যদীপ বেরা এ দিন বললেন, ‘ভাইয়ের মৃত্যুর খবর পাই মঙ্গলবার সকালে। এখনও বিশ্বাস হচ্ছে না।’

    বাবা তপন বেরা পেশায় ব্যবসায়ী। তিনি কথা বলার মতো অবস্থায় নেই। খবর পাওয়ার পর থেকে কেঁদেই চলেছেন। মা এসএসকে ()-র শিক্ষক। প্রতিবেশী আর আত্মীয়স্বজনরাই কোনও রকমে সামলাচ্ছেন তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিনই সৌমাল্যর শেষকৃত্য হওয়ার কথা।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লখনৌয়ের অলিগঞ্জের যে তিন তলা ভবন থেকে সৌমাল্য-সহ মোট ১৫ জনের দেহ উদ্ধার হয়েছে, সেটিকে আবাসিক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৪ থেকে সেটি বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। অগ্নিকাণ্ডের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই দুই সদস্যের সিট গঠন করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)