তারাতলায় বড় ও ভয়াবহ বিপর্যয়। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রেসব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মীয়মাণ একটি গোডাউন। গোডাউনের ভিতরে ৫০ থেকে ৬০ জন শ্রমিক ছিলেন বলে খবর। লম্বা লোহার বিম ও লোহার পাত দিয়ে তৈরি কাঠামোর নীচে চাপা পড়ে যায় বহু শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। নামানো হয়েছে সেনা এবং NDRF-কেও। দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য শুরু।
দু'টি বড় ক্রেন, বুলেট চেন শ, গ্যাসকাটার, ৫ থেকে ৬টি আর্থ মুভার কাজে লাগানো হয়েছে উদ্ধারকাজে। বুলেট চেন শ ও গ্যাসকাটার দিয়ে লোহার বিমগুলি কেটে সরানোর কাজ হচ্ছে। বড় আকারের কাঠামোগুলি ক্রেনের সাহায্যে সরিয়ে ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা হচ্ছে। NDRF ও সেনা কর্মীরা হাতে হাত মিলিয়ে উদ্ধার করছেন।
হাইড্রলিক মই বেয়ে উপরে উঠেও ভিতরে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে ঘটনাস্থলটির। বিশাল এলাকা জুড়ে নির্মিত ওই কাঠামোর ভেতরে কোথায় মানুষ আটকে রয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।
জানা গিয়েছে, বিকেল চারটে পর্যন্ত ১২ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে হাওয়া হয়েছে। গুরুতর জখম অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। ট্রমা কেয়ার সেন্টারে তাঁদের চিকিৎসা চলছে।