• নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্টও! বিদেশ মন্ত্রকের ‘স্পষ্টীকরণে’ বাড়ল অস্পষ্টতা
    এই সময় | ২৫ জুন ২০২৬
  • চলতি বছরের শুরুতে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের সময়েই স্পষ্ট হয়ে গিয়েছিল, আধার ও ভোটার আইডি নাগরিকত্বের প্রামাণ্য নথি নয়। তা হলে ভারতের নাগরিকত্বের প্রমাণ কী? অধিকাংশ মানুষই মনে করতেন পাসপোর্ট। কোনও ব্যক্তিকে ভারত সরকার পাসপোর্ট দিয়েছে মানেই তিনি এই দেশের নাগরিক, এমনটাই ছিল সাধারণ ধারণা। কিন্তু, পাসপোর্টও নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়। বুধবার স্পষ্ট করে দিল কেন্দ্র।

    এ দিন ১৪তম ‘পাসপোর্ট সেবা দিবস’ উপলক্ষে এক বিশেষ বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক (MEA)। সেখানেই বলা হয়েছে, পাসপোর্ট কোনও ভাবেই নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়। মন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট মূলত আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে সরকারের জারি করা একটি ‘ট্রাভেল ডকুমেন্ট’ বা ‘ভ্রমণ সংক্রান্ত পরিচয়পত্র’ মাত্র। কেন্দ্রের এই ঘোষণায় অবশ্য অস্পষ্টতাই বেড়েছে সাধারণের মনে, তা হলে ভারতীয় নাগরিকের চূড়ান্ত প্রামাণ্য নথি কোনটি?

    এর আগে SIR সংক্রান্ত মামলার শুনানির সময়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছিল, আধার নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এটি শুধুমাত্র একটি সরকারি পরিচয়পত্র। ভোটার আইডেন্টিটি কার্ডকেও নাগরিকত্বের নথি হিসেবে গণ্য করা হয় না। এটি মূলত পরিচয় ও বাসস্থানের একটি দলিল এবং নির্বাচনের সময়ে এই কার্ডের দৌলতে ভোটাধিকার প্রয়োগ করা যায়। এ বার পাসপোর্টও এই তালিকায় যুক্ত হলো।

    এই পুরো বিষয়টিতে এক অদ্ভুত বৈপরীত্য রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ, ভারতের পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই দেওয়া হয়। ভারতের নাগরিক না হলে কারও পক্ষে ভারতীয়. পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। এমনকী, ভারতে দ্বৈত নাগরিকত্বেরও সুযোগ নেই। অন্য কোনও দেশের নাগরিকত্ব নিলে ফেরত দিতে হয় ভারতীয় পাসপোর্ট। তা সত্ত্বেও একে কেন নাগরিকত্বের অকাট্য প্রমাণ হিসেবে গণ্য করা হবে না, তা মাথায় ঢুকছে না অনেকেরই।

  • Link to this news (এই সময়)