• চলবে মেট্রোর কাজ, বন্ধ থাকবে চিংড়িঘাট উড়ালপুল
    আজকাল | ২৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রোর কাজ চলছে। এ জন্য দু'দফায় বন্ধ রাখা হবে চিংড়িঘাটা উড়ালপুল। চলতি মাসের শেষ এবং আগামী মাসের শুরুতেই বন্ধ থাকবে এই উড়ালপুল। এ জন্য কলকাতা পুলিশের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। জনসাধারণের সুবিধা এবং নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

    নির্দেশিকা অনুযায়ী, চলতি মাসের শুক্রবার অর্থাৎ ২৬ জুন রাত ৮ টা থেকে সোমবার, ২৯ জুন রাত ৮টা বন্ধ রাখা হবে এই উড়ালপুল। পরবর্তী ধাপে, জুলাই মাসের ৩ তারিখ রাত ৮টা থেকে ৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখা হবে চিংড়িঘাটা উড়ালপুল। এই সময়ে উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে এই উড়ালপুল।

    জানা গিয়েছে, অরেঞ্জ লাইনে সুকান্ত নগরের এলাকার কাছে মেট্রোর কাজের দায়িত্ব রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল-এর। বিশ্ব বাংলা সরণির উপরে মেট্রো পিলারে ভারী গার্ডার বসানোর কাজ করা হবে ওই সময়ে। এ জন্য দু'দফায় চলবে কাজ।

    পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীদের জন্য চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহারকারী উত্তরমুখী সব ধরনের গাড়িকে বেলেঘাটা মেন রোড ও ইএম বাইপাস সংযোগস্থল থেকে ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

    উল্লেখ্য, এ বারের বাজেটে চিংড়িঘাটা নিয়ে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। দিনের ব্যস্ত সময়ে ওই ক্রসিং পার করতে অনেকটা সময় নষ্ট হয় যাত্রীদের। তাই অর্থমন্ত্রী জানিয়েছেন, নিউটাউন অঞ্চলের সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা-নিউটাউন এলিভেটেড করিডর করার প্রস্তাব করছি।এই করিডরটি ইএম বাইপাস এবং সল্টলেক সেক্টর ফাইভ-কে যুক্ত করবে এবং যানজট কমিয়ে নিউটাউনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, করিডরটিতে ব়্যাম্প, এলিভেটেড পার্কিং বেস, নয়েজ ব্যারিয়ার, সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সিসিটিভি-র নজরদারির ব্যবস্থা থাকবে।

     
  • Link to this news (আজকাল)