কাঁকসায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু প্রাক্তন বায়ু সেনা কর্মীর
News18 বাংলা | ২৫ জুন ২০২৬
: ১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসা মাস্টার পাড়া আন্ডারপাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রাক্তন বায়ু সেনা কর্মী। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম অজয় কুমার মন্ডল (৬৪)। ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করতে পারলেও, ঘটনার পর থেকেই চালক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার দুপুরে মাস্টার পাড়া সংলগ্ন আন্ডারপাসের ট্রাফিক সিগন্যাল সবুজ হতেই অজয়বাবু তাঁর স্কুটি নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগামী ডাম্পারকে অতিক্রম করতে গিয়ে অসাবধানতাবশত ডাম্পারটির সঙ্গে তাঁর স্কুটির ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পিচ রাস্তায় পড়ে যান এবং ডাম্পারের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রাক্তন সেনা কর্মীর।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানা এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ বাহিনী। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণের জন্য তীব্র চাঞ্চল্য ছড়ায়।
এই দুর্ঘটনার পর ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আন্ডারপাসের সিগন্যাল সচল থাকা এবং পুলিশকর্মী মোতায়েন থাকা সত্ত্বেও, প্রতিদিন বহু চালক ও পথচারী ট্রাফিক নিয়ম অমান্য করে যাতায়াত করেন। অসচেতনভাবে রাস্তা পারাপারের এই প্রবণতার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এই ধরণের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ ও কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।