সাইকেল চালাতে গিয়ে লরির তলায় চাপা পড়ে মৃত্যু ১০ বছরের বালকের, এলাকায় তুলকালাম
News18 বাংলা | ২৫ জুন ২০২৬
হুগলির চন্ডীতলা পথ দূর্ঘটনায় বালকের মৃত্যু ঘিরে তুলকালাম। জানা গিয়েছে, চন্ডীতলার পাঁচঘরায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশের একটি সিমেন্ট কারখানার সামনে ঘটনাটি ঘটে।
কী ভাবে দুর্ঘটনা?
প্রত্যক্ষদর্শীদের দাবি, এক বছর দশেকের বালক সাইকেল চালাতে গিয়ে লরির তলায় চাপা পরে যায়। লরির তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বালকের। আর এরপরই তুলকালাম কাণ্ড ঘটে। এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকে। কারখানার একটি গাড়িতে আগুন দেওয়া হয়। জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রাকে চলে ভাঙচুর। পুলিশ পৌঁছালে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। পুলিশকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে, পুলিশ লাঠি চালিয়ে উত্তেজিত জনতাকে হঠিয়ে দেয়।
মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত বালকের নাম প্রীতম তাঁতী, বাড়ি সিঙ্গুরের ঝাঁকারী গ্রামে। মামার বাড়িতে বেড়াতে এসেছিল, তারপরেই দুর্ঘটনার কবলে পড়ে সে।
পাশাপাশি, বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক দ্বাদশ শ্রেণির ছাত্রের। মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক দ্বাদশ শ্রেণির ছাত্র। এই ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজিপোতা এলাকার বাসিন্দা রিয়াজ নামে ওই ছাত্র এদিন টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে চাঁপাপুকুরের দিকে রওনা হয়েছিল। রাজাপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ভারী লরির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতেও ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় ওই ছাত্র। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা রিয়াজকে মৃত বলে ঘোষণা করেন।