রেললাইনের ধারে এবং মাঝ বরাবর হেঁটে চলেছে এক পাল হরিণ, সেই মুহূর্তেই বিরাট সিদ্ধান্ত ট্রেন চালকের
News18 বাংলা | ২৫ জুন ২০২৬
চালকের তৎপরতায় বাঁচল বহু প্রাণ তা না হলেই ঘটে যেত বড়সড়ো বিপদ। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কী ঘটেছিল? দূর থেকে চোখে পড়েছিল বাদামি-কালো ছোপের মতো কিছু নড়াচড়া করছে। প্রথমে হয়তো ঠিক বোঝা যায়নি, কিন্তু কাছে আসতেই চমকে উঠলেন লোকো পাইলট৷ রেললাইনের ধারে এবং মাঝ বরাবর হেঁটে চলেছে এক পাল হরিণ! আর ঠিক সেই মুহূর্তেই নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাঁচিয়ে দিল বহু নিরীহ প্রাণ।
বুধবার সকাল প্রায় ৮টা ৪০ মিনিট নাগাদ নাগরাকাটা থেকে চালসাগামী সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া রেললাইনে ঘটে এই ঘটনা। আপ শিলিগুড়ি-বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসের চালক ৬৭/৬-৮ নম্বর পিলারের কাছে হরিণের একটি বড় দলকে রেললাইনের উপর দেখতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্ত দেরি না করে জরুরি ব্রেক কষেন তিনি। দ্রুতগতির ট্রেন ধীরে ধীরে গতি কমাতে শুরু করে, আর সেই সময়েই হরিণগুলো আতঙ্কিত হলেও সরে গিয়ে নিরাপদে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। হরিণের দল সম্পূর্ণভাবে লাইন ছেড়ে জঙ্গলে ঢুকে গেলে তবেই আবার ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
উল্লেখ্য, এই সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া রেলপথে এর আগেও বহুবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে হাতির দলকে বাঁচাতে একাধিকবার ট্রেন চালকদের তৎপরতা নজর কেড়েছে। আবারও সেই মানবিক দৃষ্টান্তই সামনে এল। এই ঘটনায় পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার জানিয়েছেন, ‘চালকদের তৎপরতায় এর আগেও হাতি-সহ বেশ কিছু বন্য প্রাণীর প্রাণ রক্ষা পেয়েছে। চালকেরা একটু এরকম সতর্ক থাকলে বন্য প্রাণীর মৃত্যুর ঘটনা খানিকটা হলেও রোধ করা সম্ভব। চালকের ভূয়শী প্রশংসা করেন তিনি। এই ঘটনায় একটা বার্তা স্পষ্ট, সতর্কতা আর মানবিকতা থাকলে, বড় বিপদও এড়ানো সম্ভব।’