যেখানে সেখানে গাড়ি রাখলেই বিপদ! মালদহে অবৈধ পার্কিং রুখতে রণংদেহী ট্র্যাফিক পুলিশ
News18 বাংলা | ২৫ জুন ২০২৬
: যেখানে সেখানে গাড়ি রাখার আগে ভাবতে হবে এবার! শহরের যানজট কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করল মালদহ জেলা ট্র্যাফিক পুলিশ। বুধবার সকালে মালদহ শহরের রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত বিশেষ রিকভারি ভ্যান ও ক্রেন নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে রাস্তার উপর বেআইনিভাবে দাঁড় করিয়ে রাখা একাধিক চারচাকা, বাণিজ্যিক গাড়ি এবং একটি বাস বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট গাড়িগুলির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় চালানও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাইকিং করে গাড়িচালক, বাসচালক এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। রাস্তার উপর গাড়ি বা সামগ্রী রেখে যান চলাচলে বাধা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হলেও বহু ক্ষেত্রে সেই নির্দেশ উপেক্ষা করা হয়। এরপরই বুধবার থেকে কড়া অভিযানে নামে ট্র্যাফিক পুলিশ। অভিযান চলাকালীন দেখা যায়, নির্দিষ্ট বাসস্ট্যান্ডের বাইরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসও রিকভারি ভ্যানের সাহায্যে বাজেয়াপ্ত করা হয়। এছাড়া দীর্ঘ সময় ধরে রাস্তা দখল করে রাখা একাধিক গাড়ি ক্রেনের মাধ্যমে সরিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়।
মালদহ জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, শহরকে যানজটমুক্ত রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি বলেন, “বেআইনিভাবে রাস্তা দখল কোনওভাবেই বরদাস্ত করা হবে না। রাস্তার দুই ধারের দোকানগুলিকেও সতর্ক করা হচ্ছে যাতে তারা রাস্তার উপর গাড়ি বা সামগ্রী না রাখেন। সতর্ক করার পরও কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
দীর্ঘদিন ধরেই মালদহ শহরের ব্যস্ততম সড়কগুলিতে অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজট ও পথচারীদের দুর্ভোগের অভিযোগ উঠছিল। ট্র্যাফিক পুলিশের দাবি, শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান শুরু হয়েছে। ভবিষ্যতেও একইভাবে অভিযান চালিয়ে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।