• কলকাতার সব নির্মাণকাজ আপাতত বন্ধ, তারাতলা বিপর্যয়ে কড়া দাওয়াই শুভেন্দুর
    দৈনিক স্টেটসম্যান | ২৫ জুন ২০২৬
  • তারাতলা বিপর্যয়ের পর তৃণমূল সরকারের জমানায় পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩১ জুলাই তারিখের মধ্যে ওই নির্মীয়মাণ কাজগুলির স্বাস্থ্যপরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় ছাড়পত্র মিললে তবেই আবার শুরু হবে নির্মাণকাজ। বুধবার তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ‘কড়া দাওয়াই’ দিলেন মুখ্যমন্ত্রী। কারখানার ছাদ ভেঙে মৃত্যু হয়েছে একাধিক কর্মীর। আটকে আছেন বহু মানুষ। দ্রুত উদ্ধার করে আহতদের পাঠানো হচ্ছে এসএসকেএম হাসপাতালে। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এদিন ঘটনাস্থল পরিদর্শন করে নবান্নে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিক বৈঠক করে কলকাতার সমস্ত নির্মাণকাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

    এদিকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারাতলার ঘটনার পর তিনি নির্দেশ দিয়েছেন, কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত এলাকায় নির্মাণকাজ আপাতত বন্ধ রাখতে হবে। আগের সরকারের আমলে যে সব নির্মাণের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলি খতিয়ে দেখা হবে। ৩১ জুলাই পর্যন্ত ওই সব কাজ বন্ধ রাখতে হবে। বিশেষ টিম অডিট করবে। সব ঠিক থাকলে ১ আগস্ট থেকে আবার কাজ শুরু হবে। আপাতত এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পরে বিধাননগর এবং হাওড়াতেও এই কাজ চলবে। শুভেন্দু অধিকারী বলেন, ‘কলকাতা পুরসভা এলাকায় বাণিজ্যিক, জলাশয় বুঝিয়ে হওয়া নির্মাণগুলি আপাতত ৩১ জুলাই পর্যন্ত কাজ বন্ধ থাকবে। পূর্ত দপ্তর, সিভিল ডিফেন্স, পুলিশ, পুরসভা, দমকলের নেতৃত্বে একটি অডিট টিম গড়ে দেওয়া হবে। ওই টিম বিল্ডিং প্ল্যান, এলাকা পরিদর্শন করে সিদ্ধান্ত নেবে অনুমোদন ত্রুটিযুক্ত কিনা। তারপরই শুরু হবে কাজ।’

    অন্যদিকে এই অডিট টিম বাড়ির নকশা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। যাঁরা নিয়ম মেনে কাজ করছেন, তাঁরা ১ আগস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও জরুরি পরিষেবার কাজের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মুখ‍্যসচিবের নেতৃত্বে কলকাতা পুরসভা, পূর্ত দপ্তর, সিভিল ডিফেন্স, দমকল বিভাগ, পুলিশ এবং কেএমডিএ-র প্রতিনিধিদের নিয়ে টিম তৈরি করা হবে। যে সব জায়গায় পোর্ট এবং মেট্রো অথরিটির আধিকারিকদের প্রয়োজন, তাঁদের নিয়ে অডিট কমিটি তৈরি করা হবে।’

    তাছাড়া বৃহস্পতিবার বিধানসভায় তারাতলার বিপর্যয় নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত যে রিপোর্ট তিনি পেয়েছেন, তাতে জানতে পেরেছেন, এখানে ত্রুটিযুক্ত প্ল্যান ছিল। মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি বহুতলের নকশার অনুমোদন দেয় কলকাতা পুরসভা। মাত্র ৫ মাসের মাথায় বুধবার ১২টা ৭ মিনিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তারাতলার তিনতলার গুদাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় উদ্ধারকাজে সেনার সাহায্য নেওয়া হবে। তারপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সেনা। বিপর্যয়স্থলে খোলা হয়েছে একটি মেডিক্যাল ক্যাম্প। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া,‘প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন ওখানে ত্রুটিযুক্ত নকশা ছিল। প্রযুক্তিগত বিষয় সম্পর্কে অবহিত মানুষরা কাজ করছেন। বাকিটা আমি বিধানসভায় জানাব।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)