অভিষেকের বিরুদ্ধে এফআইআর, ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দুই বাসিন্দার
দৈনিক স্টেটসম্যান | ২৫ জুন ২০২৬
ডায়মন্ডহারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হল ডায়মন্ডহারবার থানায়। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ সহকারী সুমিত রায় এবং এলাকার আরও কয়েক জন তৃণমূল নেতার নামও রয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সরিষার দুই বাসিন্দা বুধবার বিজেপি নেতা অভিজিৎ দাসের নেতৃত্বে থানায় গিয়ে এই অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক হিংসা এবং ২০২০-র একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন। কিন্তু তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তাঁদের অভিযোগকে কোনও গুরুত্বই দেয়নি পুলিশ।
অভিযোগকারী প্রবীর হালদার জানিয়েছেন, ২০২০-তে করোনা অতিমারির সময় তিনি এলাকায় ত্রাণ বিতরণের কাজ করছিলেন। সেই সময় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রবীরের দাবি, ঘটনার পর প্রশাসনের দ্বারস্থ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।
অন্যদিকে, সরিষার আর এক বাসিন্দা অশোক বর্মণের অভিযোগ, ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর এলাকায় সংঘটিত রাজনৈতিক হিংসার শিকার হন তিনি। তাঁর বক্তব্য, সে সময় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নতুন করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
অভিযোগকারীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিযুক্ত তৃণমূল নেতাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।