বিবাহিত তরুণীর দুই প্রেমিক! প্রেমের দখল নিয়ে তুমুল সংঘর্ষে কাটা গেল একজনের হাত
প্রতিদিন | ২৫ জুন ২০২৬
এক বিবাহিত তরুণীর দুই প্রেমিক। প্রেমের দখল নিতে তুমুল সংঘর্ষে একজন আরেক জনের হাত কেটে নিলেন! এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী হল কর্নাটকের চিক্কামাগালুরু জেলা। আশঙ্কাজনক অবস্থায় ২৮ বছরের যুবক অরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন অরুণ এনপুরা তালুকের হুভিনাহাকলু গ্রামে তরুণীর বাড়িতে গিয়েছিলেন। স্বামীর ঘর ছেড়ে সেখানেই একা থাকছিলেন তিনি। একই সময়ে সেখানে উপস্থিত হন তরুণীর দ্বিতীয় প্রেমিক শেষাগিরি, যিনি সম্পর্কে তরুণীর আত্মীয়ও বটে। অরুণ ও শেষাগিরি মুখোমুখি হতেই তরুণীকে নিয়ে তাঁদের মধ্যে তুমুল ঝামেলা বাঁধে। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, দু’জনে বাড়ির বাইরে আসার পর ধারালো চপার হাতে অরুণের উপর হামলা চালায় শেষাগিরি। এই হামলার জেরে অরুণের একটি হাত কাটা পড়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে অরুণকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এদিকে অভিযুক্ত শেষাগিরি ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। বালেহন্নুর থানায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।