• পাহাড়ের কোলে ধস, বন্ধ লেগশিপ থেকে গেজিং যাওয়ার রাস্তা
    বর্তমান | ২৫ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের সিকিমের রাস্তায় ধস। ভারী বৃষ্টির কারণে এবার ভয়াবহ ধস নামল সিকিমের ওমচুংয়ের কাছে। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে লেগশিপ থেকে গেজিং যাওয়ার রাস্তা। ফলে বিপাকে পড়েছেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা।

    স্থানীয় সূত্রে খবর, পাহাড় থেকে আছড়ে পড়া পাথর ও মাটির কারণে পুরোপুরি অবরুদ্ধ রাস্তা। ফলে কোনো যানবাহন যাতায়াত করতে পারছে না ওই রাস্তা দিয়ে। ফলে ব্যাহত হচ্ছে জরুরি পরিষেবা। সেই কারণে নিজেদের গন্থব্যে পৌঁছনোর জন্য ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের। কাল মঙ্গলবার রাতভর তুমুল বৃষ্টি হয়েছে পাহাড়ের একাংশে। আর তার জেরেই ধস নামে আজ সকালে। 

    সিকিম প্রশাসন সূত্রে খবর, ধস সরানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে রাস্তার উপর বিশাল এলাকাজুড়ে পাথর ও মাটি পড়ে থাকায় সেসব সরাতে বেশ কিছুটা সময় লাগবে। গতকালই সিকিমের রংপো থেকে রোরাথাং যাওয়ার রাস্তায় ভয়াবহ ধস নামে। বরাত জোরে রক্ষা পান এক পুলিশকর্মী। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রবল বর্ষার কারণে গতকয়েকদিনে একাধিকবার ধসের কবলে পড়েছে পাহাড়ের একাধিক জায়গা। আগামীদিনে এইরকম ধসের মোকাবিলা থেকে বাঁচার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে সিকিম প্রশাসন।
  • Link to this news (বর্তমান)