মুম্বইয়ের লোকাল ট্রেনে হাতাহাতি, ছুরিকাঘাতে মৃত্যু এক ব্যক্তির
বর্তমান | ২৫ জুন ২০২৬
মুম্বই, ২৪ জুন: মুম্বইয়ের লোকাল ট্রেনে ছুরিকাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। গ্রেপ্তার করা হল অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে খবর, গতকাল ওই লোকাল ট্রেনটি গোরেগাঁও এবং কান্দিভালি স্টেশনের মধ্যবর্তী স্থানে থাকাকালীন আচমকাই দুই যাত্রীর মধ্যে বচসা শুরু হয়। প্রবল বৃষ্টিতে ট্রেনের দরজা বন্ধকে করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে গোলমাল দেখা দেয়। কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। ট্রেনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় অভিযুক্ত ব্যক্তি রোশন নিজের ব্যাগ থেকে একটি ছুরি বের করেন। এরপর মায়াঙ্ক লোহার নামের ওই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালান বলে অভিযোগ। ছুরিকাঘাতে গুরুতর জখম হন মায়াঙ্ক। এরপর ট্রেনের মধ্যেই রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ট্রেনের মধ্যে থাকা অন্যান্য যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে পেয়ে অনেকেই অকুস্থল থেকে কিছুটা দূরে সরে দাঁড়ান। অপরদিকে, এই ঘটনার পরই অভিযুক্ত রোশন ট্রেন থেকে চম্পট দেন। পরে কুরলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো বিষয়টি জানার জন্য শুরু হয়েছে তদন্ত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার ভিডিও-ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।