• বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ইভিএম
    বর্তমান | ২৫ জুন ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে আগুন। যদিও তা ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অল্পের জন্য বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় মহকুমা শাসকের দপ্তর-সহ প্রশাসনিক ভবনের একাধিক গুরুত্বপূর্ণ কক্ষ।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে প্রশাসনিক ভবনের আরটিও অফিসে আগুন লাগার ঘটনা প্রথমে নজরে আসে। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি দল। তাদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, আরটিও অফিসের একাধিক কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি এবং কয়েকটি আসবাব আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। 

    দমকল বিভাগের প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের জেরেই এদিনের ঘটনা। যদিও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বোলপুরের মহকুমাশাসক অনিমেষ কান্তি মান্না সহ পদস্থ আধিকারিকরা। মহকুমাশাসক জানান, আরটিও অফিসের কিছু ক্ষয়ক্ষতি হলেও প্রশাসনিক ভবনে সংরক্ষিত ইভিএম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
  • Link to this news (বর্তমান)