• ঘরের লোকের খোঁজ করতে SSKM হাসপাতালে আত্মীয়রা, হাহাকার-কান্না
    এই সময় | ২৫ জুন ২০২৬
  • তারাতলার গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় বুধবার রাত পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের নিয়ে আসা হয়েছে SSKM হাসপাতালের ট্রমা কেয়ারে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় করেছেন দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের পরিবার। কেউ এখনও খোঁজ পাননি প্রিয়জনের, কেউ বার বার ফোন করলেও সুইচড অফ শুনছেন। প্রিয়জনের খোঁজ পেতে অনেককেই ছুটোছুটি করতে দেখা গিয়েছে হাসপাতাল চত্বরে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়রা।

    রানাঘাট, কৃষ্ণনগর, বাসন্তী ও আরও অন্য জায়গা থেকে জখম ও নিহত শ্রমিকদের আত্মীয়রা এসে হাজির হয়েছেন হাসপাতালে। তাঁদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, তাঁদের অভিযোগ কাজের জায়গায় কোনও নিরাপত্তা ছিল না। অনেকেই জানিয়েছেন, তাঁরা ঘরের লোকের খোঁজ পাচ্ছেন না।

    এখনও পর্যন্ত যা খবর, তাতে দেখা গিয়েছে তারাতলার দুর্ঘটনায় আহত ও নিহতদের মধ্যে অধিকাংশই জেলার বাসিন্দা। তাঁদের আত্মীয়রা সন্ধের মধ্যেই এসে পৌঁছন হাসপাতালে। তার আগে অ্যাম্বুল্যান্সে করে জখমদের নিয়ে আসতে দেখা গিয়েছে হাসপাতালে। অধিকাংশের গায়ে-মুখে মাটি মাখা অবস্থায় ছিল।

    এ দিন তারাতলার ঘটনাস্থলে, তার পরে এসএসকেএম হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে ভর্তি দুর্ঘটনায় জখম ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি। স্বাস্থ্যের খোঁজ নেন, কে কোথায় থাকেন তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

    পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, তারাতলার দুর্ঘটনায় আহত ২০ জন শ্রমিক এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তিনি। দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন, বাকি ১৮ জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মন্ত্রী।

  • Link to this news (এই সময়)