মনখারাপের দরকার নেই, বর্ষায় জঙ্গল বন্ধ হলেও ‘ওপেন’ ডুয়ার্স! মিলছে বন্যপ্রাণী দেখার সুযোগ
News18 বাংলা | ২৫ জুন ২০২৬
বর্ষা মানেই কি ডুয়ার্স ভ্রমণে বিরতি? একদমই নয়! বরং এই সময়েই যেন নতুন রূপে ধরা দেয় ডুয়ার্স। জঙ্গলের মূল প্রবেশদ্বার বন্ধ থাকলেও পর্যটকদের জন্য খোলা রয়েছে এক ভিন্ন অভিজ্ঞতার দরজা, যেখানে প্রকৃতি, বন্যপ্রাণী আর নির্জনতার মেলবন্ধন একেবারে অন্য মাত্রা তৈরি করছে। প্রতি বছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্যপ্রাণীদের প্রজনন ঋতুর কথা মাথায় রেখে জাতীয় উদ্যানগুলিতে প্রবেশ বন্ধ থাকে। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানও তার ব্যতিক্রম নয়। কিন্তু এখানেই রয়েছে চমক! পর্যটকদের আকর্ষণ ধরে রাখতে বনদফতর খুলে রেখেছে কিছু বিশেষ স্পট যেখানে দাঁড়িয়েই মিলছে বন্যপ্রাণী দেখার সুযোগ।
তিনমাসের জন্য বন্ধ হয়ে গেল ডুয়ার্সের জঙ্গল! প্রতিবছরের মতো এ বছরও বর্ষার শুরুতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় হওয়ায় জঙ্গলে মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে প্রাণীরা অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে। পর্যটকদের উপস্থিতি বা যানবাহনের শব্দে তারা বিরক্ত হতে পারে, যা তাদের স্বাভাবিক আচরণে প্রভাব ফেলতে পারে। এছাড়াও বর্ষাকালে জঙ্গলের রাস্তা পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে ওঠে। ফলে পর্যটকদের নিরাপত্তার দিকটিও মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জঙ্গল বন্ধ, তবুও ‘ওপেন’ ডুয়ার্স! বর্ষাতেই মিলছে বন্যপ্রাণী দেখার গোপন সুযোগ,জানেন কোথায়?গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত মেদলা ওয়াচ টাওয়ার এখন পর্যটকদের অন্যতম ভরসা। বর্ষার সবুজে মোড়া জঙ্গলের মাঝে দাঁড়িয়ে এক শৃঙ্গ গণ্ডার, হাতি কিংবা অন্যান্য বন্যপ্রাণীর দেখা মিলতে পারে যে কোনও মুহূর্তে। আর সেই রোমাঞ্চই টানছে পর্যটকদের। শুধু যে দিবা জঙ্গল সাফারি তা কিন্তু নয়, রাত কাটানোর ব্যবস্থাও রয়েছে। ধুপঝরা ইকো কটেজ, আলিপুর, পানঝোড়া এবং মৌচিকির ইকো কটেজগুলো খোলা রাখা হয়েছে। কটেজে বসে বৃষ্টির শব্দ, জঙ্গলের গন্ধ আর দূরের প্রাণীদের ডাক সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করছে পর্যটকদের জন্য।
তীব্র গরম থেকে মুক্তি পেতে অনেকেই এখন ছুটছেন ডুয়ার্সে। বর্ষার রোমান্টিক আবহ, কম ভিড় আর বিশেষ এই সুযোগে ডুয়ার্স এখন অফবিট ট্রাভেল লিস্টে একেবারে শীর্ষে। তাই এই বৃষ্টিমুখর মরশুমে মন জুড়োতে ডুয়ার্স ভ্রমণের প্ল্যান থাকলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তেই পারেন এই অজানা ডুয়ার্সের সন্ধানে!