অমরনাথ যাত্রা শুরুর আগেই কঠোর জম্মু-কাশ্মীরের প্রশাসন। আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা। তার আগেই বিভিন্ন যানবাহনের ভাড়া বেঁধে দিল জম্মু-কাশ্মীরের প্রশাসন। নির্ধারিত করে দেওয়ার বাইরে অতিরিক্ত কোনও ভাড়া বা টাকা নেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অমরনাথ যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া নেওয়া হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। কারোর কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ এলে ওই যানবাহনের পারমিট বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের পরিবহন কমিশনার বিশেষ মহাজন।
প্রতি বছর অমরনাথ যাত্রা (Amarnath Yatra)-র সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আসে। চলতি বছরে তা যাতে না হয় তার জন্য এখন থেকেই তৎপর সেখানকার প্রশাসন। এই কারণে অমরনাথ যাত্রার সময়ে তীর্থযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করতে জম্মু-কাশ্মীর সরকার বাস, ট্যাক্সি ও অটোরিকশার জন্য রুট-ভিত্তিক নির্দিষ্ট ভাড়ার কথা ঘোষণা করেছে। পরিবহন পরিচালকরা এই নিয়ম অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। এই নির্দেশ ভিন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীদের বহনকারী ই-অটোর এবং ই-রিকশার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
কোন রুটে কত ভাড়া?
কোন রুটে বাস এবং ট্যাক্সি ভাড়া কত হবে তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে জম্মু-কাশ্মীরের পরিবহন দপ্তর। ওই নির্দেশ অনুসারে-
কেন এই পদক্ষেপ?
ভাড়ার নামে তীর্থযাত্রীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে এ বার যাতে তা না হয় তার জন্যই বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছেন পরিবহন কমিশনার। এই জন্য, শ্রীনগর এবং জম্মু থেকে বালতাল (Baltal), শ্রীনগর এবং জম্মু থেকে পহেলগাম (Pahalgam), শ্রীনগর-জম্মু (Srinagar to Jammu)-সহ গুরুত্বপূর্ণ রুটগুলির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে জরিমানা করা হবে এবং যারা বারবার এই নিয়ম লঙ্ঘন করবেন, তাদের রুট পারমিট বাতিল করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা। যাত্রীদের জন্য স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই হার কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।