তারাতলার গোডাউন ভেঙে পড়ার ঘটনায় দোষী কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
ইতিমধ্যেই ওই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এ বার গঠন করা হলো বিশেষ তদন্ত দল (SIT)। ওই দলে ৬ জনকে রাখা হয়েছে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।
বুধবার দুপুরে ভেঙে তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের শেড ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন।এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। তাঁদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আরও কয়েক জনের চাপা পড়ে থাকার আশঙ্কা। বুধবার রাতেও চলে উদ্ধার কাজ। এই ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে।
ওই গোডাউনের প্ল্যান ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক তদন্তের পরে এই কথা জানিয়েছেন তিনি। কেন এই ঘটনা এবং কার গাফিলতি ছিল তাও তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Case) দায়ের করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই নির্মাণ কাজের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার (Structural Engineer) কমল সামন্ত এবং সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজারকে। আরও চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তারাতলা থানার পুলিশ।
এ দিকে,ওই ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। বুধবার রাতেই এই তদন্ত ভার দেওয়া হয়েছে গোয়েন্দা দপ্তরকে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) জানিয়েছেন, ওই ঘটনায় তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওই দলে রাখা হয়েছে তারাতলা থানার দুই আধিকারিককেও। ওই বিশেষ তদন্ত দল (সিট)-এর নেতৃত্ব দেবেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি পুলিশ কমশিনার।