• বানান ভুল থেকে ফোন লিঙ্ক, আধারের লম্বা লাইনে দেদার ব্যবসা দোকান মালিকদের
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • সরকারি সুযোগ-সুবিধা পাওয়া থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট সচল রাখা, সব জায়গাতেই এখন আধার কার্ড থাকা বাধ্যতামূলক। কিন্তু এই আধার কার্ডই এখন আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের সাধারণ মানুষের মাথাব্যথার অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কারও আধার কার্ডে নামের বানান ভুল, কারও আবার জন্মতারিখ বা ঠিকানায় গলদ। তারপর রয়েছে মোবাইল নম্বর লিঙ্ক করার বাড়তি তাগিদ।

    আর এই সব ভুলত্রুটি সংশোধন করতেই আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ থেকে শুরু করে পানাগড়ের ছোট-বড় আধার সেন্টারগুলিতে এখন উপচে পড়ছে মানুষের ভিড়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন সকাল হতেই আধার সেন্টারগুলির সামনে লম্বা লাইন চোখে পড়ছে। সকাল গড়াতেই সেই লাইন আরও দীর্ঘ হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে।

    পানাগড় ও রানীগঞ্জের বেশ কিছু সেন্টারে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। গ্রাহকদের অভিযোগ, লিঙ্কের ধীর গতির কারণে কাজ হতে দীর্ঘ সময় লাগছে। যার ফলে আরও বাড়তি সময় লাগছে। তবে সাধারণ মানুষের এই অপেক্ষার মাঝেই খানিক ‘লক্ষ্মীলাভ’ হচ্ছে আধার সেন্টারের মালিকদের। ফর্ম ফিলাপ করা, জেরক্স করা, বা আধার কার্ড ল্যামিনেশন করার চক্করে সাইবার ক্যাফে এবং ছোট দোকানগুলির ব্যবসা এখন রমরমিয়ে চলছে।

    আধার কার্ডের এই হিড়িককে কাজে লাগিয়ে ভালই বাড়তি আয় করে নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যাংক বা অন্যান্য জরুরি কাজ যাতে আটকে না যায়, সেই ভয়েই লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ। তবে শিল্পাঞ্চলবাসীর দাবি, এই ছোট-বড় আধার সেন্টারগুলিতে যদি কাউন্টারের সংখ্যা আরও বাড়ানো যায় এবং মসৃণ করা হয়, তবে লাইনের ভোগান্তি থেকে কিছুটা হলেও রেহাই মিলতে পারে।
  • Link to this news (News18 বাংলা)