• পাথুরে ঝরনা, সবুজ ঘেরা মেঠো পথ আর পাহাড়ের গায়ে অবিরাম কুলকুল, খড়গপুরের ডিমৌলি দিচ্ছে নতুন ভ্রমণ
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  •  যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে ছুটির দিনে একটু নিরিবিলিতে সময় কাটাতে কার না ভাল লাগে? পাহাড় কিংবা নদী তো অনেকেরই চেনা, কিন্তু বর্ষার মরশুমে যদি হাতের কাছেই দেখা মেলে এক মায়াবী ঝরনার, তবে মন্দ হয় না। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, রেলশহর খড়গপুরের অদূরেই ডিমৌলিতে লুকিয়ে রয়েছে এমনই এক মনোরম পর্যটন ডেস্টিনেশন—ভেটিয়া ওয়াটার ফলস। প্রতিদিনের চেনা ছন্দের বাইরে গিয়ে নিজেকে কিছুটা মুক্তি দিতে পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে সপ্তাহান্তে ঘুরে আসার জন্য এটি এক আদর্শ জায়গা।

    বর্ষা নামলেই প্রকৃতি তার রূপের ডালি সাজিয়ে দেয় এই অঞ্চলে। ঝিরঝিরে বৃষ্টির ছোঁয়ায় ভিজে ওঠা মেঠো পথ আর দুপাশের সবুজ স্নিগ্ধতা মন ভাল করে দেওয়ার মতো। পাথরের বুক চিরে নেমে আসা ঝরনার মতো এটি প্রথাগত কোনও ঝরনা নয় ঠিকই, তবে প্রকৃতির এক অনন্য সৃষ্টি। বর্ষার ভারী বৃষ্টিতে পাথরের গা বেয়ে জলধারা যখন নীচে নেমে আসে, তখন তার কলতান এক মোহনীয় পরিবেশ তৈরি করে। চারপাশের নিস্তব্ধতা আর ঝিঁঝিঁ পোকার শব্দে যেন এক অন্য জগতে পৌঁছে যাওয়া যায়।

    আরও পড়ুন: কেজিতে নয়, থালায় বিকোচ্ছে মাছ…! রুই, কাতলা, কালবোস, মৃগেল, পার্সে, তোপসে, ভেটকি, মৌরলা, সন্ধ্যা নামলেই মাছির মতো ভিড় এই মাছ বাজারে!

    এই জলপ্রপাতটি মূলত বর্ষার জলেই পরিপুষ্ট। তাই বর্ষার শুরু থেকে দুর্গাপুজোর সময় পর্যন্তই এর মূল রূপটি দেখা যায়। নীল আকাশের নীচে পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের ধারা পর্যটকদের মনে এক অদ্ভুত ভাল লাগার অনুভূতি তৈরি করে। ছবির মতো সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করতেও ভোলেন না অনেকে। যারা নতুন নতুন জায়গা ঘুরে দেখতে ভালোবাসেন, তাদের কাছে এটি এখন অন্যতম পছন্দের ডেস্টিনেশন।

    ছুটির দিনে বাইক বা ব্যক্তিগত গাড়িতে সোলো ট্রিপ হোক কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, খড়গপুরের গ্রামীণ পরিবেশে অবস্থিত এই ভেটিয়া ওয়াটার ফলস আপনাকে দেবে সারা সপ্তাহের ক্লান্তি দূর করার সুযোগ। পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলরাশি আর চারিদিকের সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবেই। তাই বর্ষার এই মরশুমে প্রকৃতির আপন রূপ চাক্ষুষ করতে এক দিন বেরিয়ে পড়তেই পারেন ডিমৌলির উদ্দেশ্যে।

    রঞ্জন চন্দ
  • Link to this news (News18 বাংলা)