• মুম্বইয়ে লোকাল ট্রেনের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন যাত্রীকে, দরজা বন্ধ নিয়ে বচসা
    বর্তমান | ২৫ জুন ২০২৬
  • মুম্বই: ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে যাত্রীদের মধ্যে বচসা অতি সাধারণ ব্যাপার। কিন্তু তাই বলে খুনোখুনি! এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের লোকাল ট্রেনে। প্রবল বৃষ্টির মধ্যে চলন্ত ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে গোলমালের সূত্রপাত। এক জেরেই এক যাত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। নিহতের নাম মায়ঙ্ক লোহার। মঙ্গলবার রাতে চার্চগেট-নাল্লাসোপরা লোকাল ট্রেনের এই ঘটনায় অভিযুক্ত যাত্রী পলাতক। তার খোঁজ পেতে পুলিশের সাতটি টিম গঠন করা হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, গোরেগাঁও-কান্দিভালি স্টেশনের মাঝে যাত্রীদের মধ্যে বচসা বাধে। প্রবল বৃষ্টির কারণে ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে মায়ঙ্কের সঙ্গে অন্য এক যাত্রীর বাকবিতণ্ডা শুরু হয়। ওই যাত্রী দরজা বন্ধ করবে না বলে জেদ ধরে। তখন অন্যান্য যাত্রীরাও সরব হন। কয়েকজন মিলে ওই যাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই ওই যাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে মায়ঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে। একের পর এক ছুরির কোপে লুটিয়ে পড়েন মায়ঙ্ক। পুরো কামরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্টেশনে ট্রেন থামলে অভিযুক্ত চম্পট দেয়।  ঘটনাস্থলেই মায়াঙ্কের মৃত্যু হয়। সিসি ক্যামেরার ফুটেজে অভিযুক্তকে হাতে রক্তমাখা ছুরি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। 
  • Link to this news (বর্তমান)