• আদিত্যনাথকে পদ থেকে সরাতে ষড়যন্ত্র করছে বিজেপি: অখিলেশ
    বর্তমান | ২৫ জুন ২০২৬
  • নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী পদে বসেই জমি কেলেঙ্কারি! মধ্যপ্রদেশে এমনই অভিযোগ উঠেছে বিজেপি সরকারের প্রধান মোহন যাদবের বিরুদ্ধে। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল আলোড়ন তৈরি হয়েছে দেশজুড়ে। এই ইস্যুতে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও টেনে আনলেন সমাজবাদী পার্টি (সপা)-র সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর দাবি, তিনটি বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। সেজন্য কৌশল করেই মোহন যাদবের কেলেঙ্কারি সামনে আনা হয়েছে। একইভাবে যোগী আদিত্যনাথকেও সরিয়ে দেবে বিজেপি। অখিলেশের কথায়, ‘মোহন যাদবকে অপমান করার জন্য ষড়যন্ত্র করেছে বিজেপি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ উঠলে যোগী আদিত্যনাথ বাদ যাবেন কেন? তাঁরও তো ৩০০-৬০০ একর জমি রয়েছে। এটা নতুন কিছু নয়। এর আগে তিনি আবাসন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপি কি সেকথা জানে না? আসলে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী বদল করতে চলেছে বিজেপি। তাই জমি কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ তোলা হচ্ছে।’

    অখিলেশের আরও দাবি, ‘মধ্যপ্রদেশ ও রাজস্থানের মুখ্যমন্ত্রীকে সরাতে চায় বিজেপি। তারপরই গেরুয়া শিবিরের লক্ষ্য আদিত্যনাথকে পদচ্যুত করা।’ আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেকথা উল্লেখ করে সপা সুপ্রিমো জানান, রাজ্যে ক্ষমতায় ফিরবে সমাজবাদী পার্টি। এবং বর্তমান মুখ্যমন্ত্রী তখন স্বাভাবিকভাবেই পদচ্যুত হয়ে যাবেন।  যদিও অখিলেশের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি হেমন্ত খান্ডেলওয়াল। তাঁর দাবি, অনগ্রসর শ্রেণির নেতাদের নিশানা করতে ভিত্তিহীন অভিযোগ করছে বিরোধীরা। অখিলেশকে পালটা আক্রমণ করেছেন উত্তরপ্রদেশে বিজেপির শরিকদলের মন্ত্রী ওমপ্রকাশ রাজভড়। তাঁর বক্তব্য, সমাজবাদী পার্টির একাধিক নেতার মধ্যপ্রদেশে জমি কেনাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। সেদিক থেকে নজর ঘোরাতেই এসব বলছেন অখিলেশ।
  • Link to this news (বর্তমান)