নয়াদিল্লি: জঙ্গি যোগের সন্দেহ। কর্ণাটকের দেবনগর জেলায় এক পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করল পুলিশ। তার বাড়ি উত্তরপ্রদেশে। ধৃতের নাম সুহেল। তদন্তকারীরা জানিয়েছেন, রঙের কাজ করতে সম্প্রতি সে হরিহর তালুকে এসেছিল। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র থেকে তথ্য পেয়ে মঙ্গলবার গোয়েন্দাদের সঙ্গে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরই সংশ্লিষ্ট কেন্দ্রীয় এজেন্সির হাতে সুহেলকে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্তের হোয়াটসঅ্যাপ থেকে জঙ্গি সংগঠন সংক্রান্ত একাধিক নথি মিলেছে। পাকিস্তানের একাধিক হ্যান্ডলারদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল। সূত্রের খবর, গত ৪ জুন টুমকুরু ও দেবনগর জেলা থেকে দু’জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তারপরই কর্ণাটকজুড়ে জোর তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। তাতেই সুহেলের খোঁজ মেলে বলে খবর।