নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার সিকিমে পেলিং যাওয়ার রাস্তায় ধস। বুধবার পশ্চিম সিকিমের লেগশিপ থেকে গেজিং যাওয়ার রাস্তায় বিশাল ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় ওই পথে যান চলাচল। ফলে বিপাকে পড়েন পর্যটকদের পাশাপাশি স্থানীয়রা। পাহাড় থেকে আছড়ে পড়া পাথর ও মাটির জেরে রাস্তা পুরোপুরি অবরুদ্ধ থাকায় যাতায়াতের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়।
মঙ্গলবার রাতভর পশ্চিম সিকিমে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারই জেরে এদিন ওই ধস নামে। সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় টিম। তারা ধস সরানোর কাজ শুরু করে। স্থানীয় সূত্রে খবর, ধসের জেরে এদিন কার্যত দিনভর লেগশিপ-গেজিং রোডে সেভাবে যানবাহন চলাচল করতে পারেনি। বিকল্প পথে যাতায়াত করতে হয়েছে। ৯ মাইল এলাকায় এদিন ওই ধস নামে।
এবারের বর্ষায় উত্তর ও পূর্ব সিকিমে আগেই একাধিক জায়গায় ধস নেমেছে। কোনোমতে সেসব ধস সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি এমনই যে, একটি জায়গার ধস সরাতে না সরাতে নতুন করে অন্যত্র ধস নামছে।
পর্যটন ব্যবসায়ীদের বক্তব্য, এবার বাংলায় বিধানসভা নির্বাচনের কারণে পাহাড়ে সামার ট্যুরিজম অনেকটা দেরিতে শুরু হয়েছে। ফলে এখনও পাহাড়ে অনেক পর্যটক আসছেন। কিন্তু বর্ষার শুরুতেই যেভাবে ধসে বিপর্যস্ত সিকিমের পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং যাওয়ার রাস্তা, তাতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পর্যটকদের। অনেক ক্ষেত্রে তাঁদের আটকে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। • নিজস্ব চিত্র।