শিলিগুড়িতে গণধর্ষণ! দু’দিন পর খোঁজ মিলল মূক ও বধির মহিলার
বর্তমান | ২৫ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে।
মূক ও বধিরদের নিয়ে কাজ করা হাকিমপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার আবাসিক ওই মহিলা। বাড়ি শহরেরই রবীন্দ্রনগরে হওয়ায় কখনও কখনও আবার বাড়ির লোকের সঙ্গে দেখা করতে যান তিনি। ২২ জুন ওই মহিলা বাড়ির লোকেদের সঙ্গে দেখা করার জন্য সংস্থার হোম থেকে বের হন। কিন্তু ওই দিন বাড়িতেও যাননি, আবার হোমেও ফেরেননি। এরপর মহিলার খোঁজ শুরু হয়। অনেক খুঁজেও না পেয়ে পরিবারের সদস্যরা শিলিগুড়ি থানায় মিসিং ডায়েরি করেন।
এদিকে, বুধবার দুপুরে মহিলার খোঁজ পাওয়া যায় শহরের তিনবাত্তি সংলগ্ন একটি পেট্রল পাম্পের কাছে। এরপরেই পরিবার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছন। দু’দিন কোথায় ছিলেন, তিনবাত্তি মোড়ে কীভাবে পোঁছলেন, সেসব বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রথমে মহিলা কিছুই জানাতে পারেননি। পরে মূক ও বধির ওই স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষিকারা যাওয়ার পরে মহিলাকে জিজ্ঞাসা করলে তিনি ইঙ্গিতে জানান, চার ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে তিনবাত্তি মোড় ফেলে দিয়ে চলে গিয়েছে। এনজেপি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।
এ প্রসঙ্গে ওই সংগঠনের সভাপতি তথা শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পাল বলেন, ইশারায় যতটা বোঝাতে পেরেছেন তাতে মনে হচ্ছে গণধর্ষণের শিকার হয়েছেন মহিলা। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এনজেপি থানার এক অফিসার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।