• মালদহ জেলায় এক বছরে তিনশো নাবালিকার বিয়ে রুখেছে প্রশাসন
    বর্তমান | ২৫ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহে গত এক বছরে তিনশো নাবালিকার বিয়ে রুখেছে প্রশাসন। অধিকাংশ নাবালিকা অতি দরিদ্র পরিবারের। এবার সেই সমস্ত পরিবারকে আবাস সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের আওতায় আনার ভাবনা প্রশাসনের। বুধবার এনিয়ে ইউনেসকোর প্রতিনিধিদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে জেলা সমাজকল্যাণ দপ্তর। প্রশাসন সূত্রে খবর, গত এক বছরে যে তিনশো নাবালিকার বিয়ে আটকানো হয়েছে, তাদের মধ্যে অধিকাংশ মালদহ জেলার কালিয়াচক -১ এবং ইংলিশবাজার ব্লকের বাসিন্দা। কাজেই এই দুই ব্লককে পাইলট প্রোজেক্টে রাখা হয়েছে। নাবালিকাদের বিয়ে আটকানোর পর তাদের উদ্ধার করে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে রাখা হয়। কিন্তু সেখানে বেশিদিন কাউকে রাখা সম্ভব নয়। একটা সময়ের পর মেয়েদের তাদের নিজের বাড়িতে ফিরিয়ে দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ওই নাবালিকার পরিবার আর্থিকভাবে অত্যন্ত দুর্বল। বাড়িতে রোজগেরে বলতে হয়তো একজন সদস্য। অনেক ক্ষেত্রে সেটাও থাকে না। তাই তাদের পরিবারকে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে সাবলম্বী করার চেষ্টা করা হবে। 

    এদিন ইউনেসকোর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রশাসনের তরফে এবিষয়ে একটি বৈঠক ডাকা হয়। যেখানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, জুভেনাইল জাস্টিস বোর্ড, চাইল্ড হেল্পলাইন, সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

    মালদহ জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুখেন্দু শেখর জানা বলেন, নাবালিকার বিয়ে আটকানোর পর আমরা তাদের হোমে নিয়ে আসি। নির্দিষ্ট সময়ের পর তাদের আবার বাড়িতে ফিরিয়ে দিতে হয়। কোন পরিস্থিতিতে আমরা তাদের বাড়িতে পৌঁছে দিলাম, সেটা দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
  • Link to this news (বর্তমান)