• বংশীহারি ব্লকে উদ্বোধনের আগেই সেতুর গুণমান নিয়ে অভিযোগ
    বর্তমান | ২৫ জুন ২০২৬
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: বংশীহারি ব্লকের রূপাহাটা এলাকায় বালিয়া খাঁড়ির উপর নির্মিত সেতুর গুণমান ও অসম্পূর্ণ কাজ নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সেতুর মূল নির্মাণকাজ শেষ হলেও সংযোগকারী রাস্তা সম্পূর্ণ না করেই ঠিকাদার সংস্থা এলাকা ছেড়ে চলে গিয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জমা পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের রূপাহাটা ও বিশ্বনাথপুর গ্রামের যোগাযোগের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রায় দেড় কোটি টাকায় ২০২৪ সালে সেতু নির্মাণ শুরু হয়। সম্প্রতি কাজ শেষ হয়েছে বলে দাবি করা হলেও স্থানীয়দের অভিযোগ, নির্মাণে একাধিক ত্রুটি রয়ে গিয়েছে। গ্রামবাসীদের একাংশের দাবি, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, খাঁড়ি থেকে বালি তোলার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁদের বক্তব্য, উদ্বোধনের আগেই সেতুর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই পূর্ণাঙ্গ টেকনিক্যাল পরীক্ষা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। বর্তমানে সেতু ব্যবহার করে দুই গ্রামের মানুষ যাতায়াত করলেও নিরাপত্তা ও নির্মাণের মান নিয়ে চিন্তা বাড়ছে। স্থানীয় বাসিন্দা স্বপন রায় বলেন, সেতুটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে বলে আমাদের আশঙ্কা। কাজও সম্পূর্ণ হয়নি। বিষয়টি প্রশাসন ও ঠিকাদার সংস্থাকে জানানো হলেও সমাধান হয়নি। তাই গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ করেছেন। জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস সদস্য সুভাষ ভাওয়াল বলেন, এই প্রকল্পটি আমি সদস্য থাকাকালীন অনুমোদিত হয়েছিল এবং কাজ শুরু হয়। যদি কোথাও নিম্নমানের কাজ হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখবেন। সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দিয়ে জেলা পরিষদের উন্নয়নমূলক বৈঠকে বিষয়টি তুলব। বিজেপির জেলা সাধারণ সম্পাদক দেবব্রত মজুমদার বলেন, স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন বলে শুনেছি। প্রশাসনের উচিত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আমরাও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।  রূপাহাটায় ব্রিজ তৈরি হলেও সংযোগকারী রাস্তার কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)