• অনুব্রতের গড়ে গভীর রাতে চাঞ্চল্য! বোলপুরের সরকারি অফিসে বিধ্বংসী আগুন, ফাইল নিয়ে চিন্তা
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমের বোলপুরে বুধবার রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বোলপুর মহকুমা শাসক অফিস চত্বরে থাকা আরটিও অফিসে এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে ইতিমিধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ আচমকাই বোলপুর মহকুমা অফিস চত্বরে থাকা আরটিও অফিস থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়, ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন বড়সড় রূপ নিতে পারেনি।

    প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অফিসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন খুব বেশি না ছড়ালেও, তীব্র ধোঁয়া এবং তাপে আরটিও অফিসের ভিতরে থাকা বহু গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র এবং দরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যাচ্ছে। তবে রাতের বেলা অফিস বন্ধ থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

    ঘটনার খবর পেয়েই রাতেই সশরীরে ঘটনাস্থলে ছুটে আসেন বোলপুরের মহকুমা শাসক অনিমেষকান্ত মান্না। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান, খবর পাওয়া মাত্রই তিনি সেখানে এসেছেন। তবে কীভাবে আগুন লাগল বা ঠিক কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। দমকল বাহিনী পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তারাই এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবে।

    অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়, তাঁরা যখন পৌঁছন তখন দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়নি, তবে পুরো অফিস চত্বর প্রচণ্ড কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এবং কাঁচ ভাঙা অবস্থায় ছিল। তবে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব নয়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। মহকুমা শাসকের অফিসের মতো এত গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত জায়গায় কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
  • Link to this news (News18 বাংলা)